২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শায়খ, বাংলা ভাই ও সানিসহ ১৫ জনের বিরুদ্ধে চাঁদপুর বিশেষ ট্রাইবুনালে চার্জ গঠন

জেএমবি’র শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান, সেকেন্ড ইন কমান্ড ছিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই ও সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানিসহ ১৫ জনের বিরুদ্ধে রোববার চাঁদপুর বিশেষ ট্রাইবুনাল আদালতে চার্জ গঠন করা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2006, 04:21 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

বিশেষ ট্রাইবুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ আ. সালাম শিকদার চার্জ গঠনের নির্দেশ দেন। গত ১৭ আগস্ট চাঁদপুরের সাতটি স্থানে একযোগে বোমা হামলা এবং ৩ অক্টোবর জেলা ও দায়রা জজ আদালত ভবনের এজলাসে বোমা মেরে বিচারপ্রার্থী হাশেম বকাউলকে হত্যার ঘটনায় দায়েরকৃত পৃথক তিন মামলায় উল্লেখিত তিন শীর্ষ নেতাসহ ১৫ আসামীর সবাইকে আদালতে হাজির করা হয়।

সকাল পৌনে এগারোটার দিকে সম্মিলিত আইনজীবী পরিষদের উদ্যোগে আদালত চত্বরে একটি মিছিল বের করা হয়। মিছিলকারীরা জেএমবি নেতাকর্মীদের ফাঁসি দাবি করেন।

চাঁদপুরের পিপি অ্যাড. কামরুল ইসলাম বলেছেন, আদালতে শায়খ রহমান চাঁদপুরে বোমা হামলার ঘটনার সাথে তার জড়িত থাকার কথা স্বীকার করেন এবং বলেন তিনি বর্তমান আইন মানেন না।

বাংলা ভাই বলেন, আমি এ মামলায় কিভাবে আসামী হলাম তা জানি না। আমি আল্লাহর আইন মানি। ইসলামি আইনে বিচার চাই। বৃটিশের তৈরি আইনে বিচার মানি না।

আতাউর রহমান সানি আদালতে বলেন, ঢাকার দক্ষিণাঞ্চল ও চট্টগ্রামের দায়িত্বে ছিলাম আমি। চাদপুরে শায়খের পক্ষে আমি বোমা হামলার নির্দেশ দিয়েছি। আমি তাগুতি আইন মানি না।

এর আগে লে. সুমনের নেতৃত্বে বিপুল সংখ্যক র‌্যাব সদস্য রোববার ভোর ৫ টায় র‌্যাবের ঢাকাস্থ উত্তরা কার্যালয় থেকে জেএমবি’র তিন শীর্ষ নেতাকে নিয়ে চাদপুরের উদ্দেশে রওয়ানা হন।

সকাল ৮ টা ৩৫ মিনিটে র‌্যাব তাদের নিয়ে চাদপুর পৌঁছে। চাঁদপুর আনার পর শীর্ষ নেতাদের স্থানীয় জেএমবি নেতাকর্মীদের সাথে আদালতের হাজতখানায় রাখা হয়। হাজতখানা শীর্ষ নেতাদের নিয়ে স্থানীয় জেএমবি’র চাঁদপুর অঞ্চলের কমান্ডার গালিবের পরিচালনায় মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মিলাদ ও মোনাজাতে জেএমবি’র শীর্ষ নেতারাও অংশগ্রহণ করেন। ১০ টা ৪০ মিনিটের দিকে র‌্যাব জেএমবি’র ৩ শীর্ষ নেতা এবং চাঁদপুরের পুলিশ অপর ১২ আসামিকে আদালতে নিয়ে যান এবং ১১ টার দিকে পুনরায় ঢাকার উদ্দেশে রওয়ানা হন।

চাঁদপুরের জেলা ও দায়রা জজ আদালত চত্বর পুলিশ ও র‌্যাব কর্ডন করে রাখে। এ সময় বিচার কাজে নিয়োজিত কর্মকর্তা, কর্মচারী, আইনজীবী ও সাংবাদিক ছাড়া আর কাউকে ভেতরে প্রবেশ করতে দেখা যায়নি এবং আদালতের সকল কার্যক্রম বন্ধ ছিল।

চাঁদপুর বোমা হামলার ঘটনায় দায়েরকৃত তিনটি মামলার চার্জশিটভুক্ত আসামিরা হচ্ছেন, শায়খ আব্দুর রহমান, ছিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই, আতাউর রহমান সানি, আবু সুফিয়ান ভূইয়া ওরফে জুয়েল, ওসমান গনি সোহাগ ওরফে ওমর, কামাল হোসেন ডিউক, গোফরান, রেজওয়ান হাসান ওরফে রেদওয়ান, ইসমাল হোসেন, শামিম হোসেন গালিব, আবুল কালাম আজাদ ওরফে রাশেদ, সোবহান হোসেন বিল্লাল, মাহফুজ খন্দকার, মাসুম রহমান, রহমত উল্লাহ। এদের সবাই ইতিমধ্যে গ্রেফতার হয়েছে ও আত্মসমর্পণ করেছে।