কানসাট থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রত্যাহার শুরু
সরকারের পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি ও পল¬ী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম পরিষদের (পিবিইউএসপি) নেতা গোলাম রব্বানীর মধ্যকার শনিবারের আলাপ আলোচনার পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার কানসাট থেকে পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রত্যাহার করে নেয়া শুরু হয়েছে। এদিকে স্থানীয় আ.লীগ কানসাট হত্যাকাণ্ডের প্রতিবাদে রোববার সকাল - সন্ধ্যা হরতাল আহ্বান করেছে।
বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট সরকারি কমিটি ও পিবিইউএসপি’র নেতা গোলাম রব্বানীর মধ্যে শনিবার মোবাইল ফোনে এ সংলাপ শুরু হয়। সংলাপে কানসাট থেকে পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত হয়। নিরাপত্তা বাহিনী প্রত্যাহারের আদেশ শনিবার বিকেল সোয়া ৪টা থেকে কার্যকর শুরু হয়।
পুলিশ এখন ক্যাম্পে অবস্থান করছে।
শনিবার বিকেলে আব্বাস বাজার ও ধোপপুকুরে বিক্ষোভ মিছিল হওয়ার কথা থাকলেও পুলিশ সরিয়ে নেয়ায় তা শেষ পর্যন্ত আনন্দ মিছিলে পরিণত হয়।
সরকারগঠিত কমিটি শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউজে আসে। সেখান থেকে কমিটির সদস্যরা মোবাইল ফোনে গোলাম রব্বানীর সাথে কথা বলেন।
পিবিইউএসপি’র ১৪ দফা দাবি নিয়ে আলোচনা শুরুর আগে রব্বানী যে তিনটি শর্ত জুড়ে দিয়েছিলেন তার একটি হচ্ছে কানসাট থেকে পুলিশ, বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের প্রত্যাহার। অন্য দুটি শর্ত হচ্ছে ১৪৪ ধারা ও কানসাটে ৬ এপ্রিলের ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহার।
রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মোবাইল ফোনে আলোচনা চলছিল।
গত এক সপ্তাহ ধরে এমনকি শনিবারের সকালেও কানসাটে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করলেও শনিবার বিকেলে সেখান থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রত্যাহার শুরু হওয়ার সাথে সাথে উৎসুক জনতা সেখানে বিজয়ের আনন্দে মিছিল বের করে।
সরকারগঠিত কমিটির অন্যান্য সদস্য হলেন - সরকারের গৃহায়ন প্রতিমন্ত্রী আলমগীর কবীর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু, রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র মিজানুর রহমান মিনু এবং চাঁপাইনবাবগঞ্জ - ২ আসনের বিএনপির সংসদ সদস্য সৈয়দ মনজুর হোসেন।
বিকাল সোয়া ৪ টার দিকে কানসাট থেকে পুলিশ প্রত্যাহারে সঙ্গে সঙ্গে গোপালনগর মোড়ে এসে জড়ো হয় কয়েক হাজার আন্দোলনকারী। তারা পুলিশ প্রত্যাহারকে প্রাথমিক জয় ভেবে উল্লাশ প্রকাশ করতে থাকে। তবে তাদের নেতা গোলাম রব্বানীর নির্দেশ মত তারা আনন্দ মিছিল না করার জন্য। কানসাটে উল্লসিত জনতা জানান, সকল দাবি পূরন না হওয়া পর্যন্ত তাদের নেতা আনন্দ মিছিল করতে নিষেধ করেছেন। কিন্তু পুলিশ প্রত্যাহারের পর জনতার উল্লাস শেষ পর্যন্ত আনন্দ মিছিলে পরিণত হয়। মিছিলে তারা রাজশাহী সিটি মেয়র মিজানুর রহমান মিনু ও স্থানীয় এমপি শাহজাহান মিয়ার কুশপুত্তলিকা বহন করে।
এদিকে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ শনিবার সকাল ৮ টার দিকে কানসাট, পুকুরিয়া, আব্বাস বাজার, ধোবড়া, ধোপপুকুর, কলাবাড়ীসহ আশেপাশের এলকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রেখেছে বলে আন্দোলনকারীরা অভিযোগ করে। তবে এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করেও সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক গোলাম রব্বানীর একজন আইনজীবী জানান, আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহের বিষয়টি প্রক্রিয়াধীন। খুব দ্রুত এ পক্রিয়া সম্পন্ন হবে বলে তিনি জানান। ৬ এপ্রিলের হতাহতের ঘটনার পর আন্দোলনকারীদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
এদিকে কানসাট হত্যাকাণ্ডের প্রতিবাদে রোববার স্থানীয় ১৪ দল নেতৃবৃন্দ চাঁপাইনবাবগঞ্জে সকাল সন্ধ্যা হরতাল আহ্বান করেছে। শনিবার মাইকিং করে তারা হরতালের ঘোষণা দেন।
