পুলিশি নির্যাতন ও গ্রেপ্তারের ভয়ে গ্রাম ছাড়া কানসাটের অধিকাংশ মানুষই শনিবারও ঘরে ফেরেনি
পুলিশী নির্যাতন, তাণ্ডব ও গ্রেপ্তারের ভয়ে গ্রাম ছেড়ে যাওয়া কানসাটের অধিকাংশ মানুষই শনিবারও ঘরে ফিরে আসেনি।
কানাসাটের হঠাৎপাড়া, বহলাবাড়ি, আব্বাাস বাজার, জাইগীর গ্রামের অনেকেই পাগলা নদীর ওপারে রাজার আম বাগান, আখের জমি এবং পুঠিমারি বিলে অবস্থান করছেন। সেখানে তারা খোলা আকাশের নিচেই দিন রাত অতিবাহিত করছে। বুধবার থেকেই তারা ওইসব স্থানে অবস্থান করছেন।
কানসাটে পুলিশী নির্যাতনের নতুন নতুন চিত্র বেরিয়ে এসেছে। কলকলিয়া বাগদুর্গাপুরের নজরুল ইসলামের স্ত্রী মরিয়ম (৩৫) জানান, বুধবার দপুরে প্রথম দফা পুলিশী তাণ্ডবের সময় স্বামীর অনুপস্থিতিতে পুলিশের পোশাক পরা স্থানীয় বিএনপির নেতা ও ১০/১২ জন পুলিশ তার বাড়িতে প্রবেশ করে। এদের মধ্যে একজন তাকে মারতে মারতে গায়ের জামা ছিড়ে ফেলে। শরীরে কামড় দেয়। পেটে লাথি মারে। এসময় তার স্কুল পড়–য়া মেয়ে কাঁদতে লাগলে তারও গলা টিপে ধরে।
সেদিন পুলিশের কাছে অনেক কাকুতি--মিনতি করেও নির্যাতন থেকে রেহাই পাননি বাগদূর্গাপুরের অন্তঃসত্বা মুক্তারা বেগম। পুলিশ তার পেটে লাথি মারে। নির্যাতনের ফলে তিনি উঠে দাঁড়াতে পারছেন না বলে জানান।
তারা জানান, পুলিশের ভয়ে তারা চিকিৎসা নিতেও যেতে পারছেন না।
