২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭১ দেখেছি, এত নির্যাতন হয়নি: কানসাটে পুলিশী নির্যাতনের করুণ বর্ণনা

কানসাটে বুধবার আইন শৃঙ্খলা রক্ষার নামে পুলিশি তা-ব ৭১ এর পাক বাহিনীর তা-বকে হার মানিয়েছে বলে নির্যাতিতরা জানিয়েছে। নারী - শিশু নির্বিশেষে সকলের ওপর পুলিশ নির্যাতনের স্ট্রিম রোলার চালায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চাঁপাইনবাগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2006, 07:50 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

পুলিশের বিরুদ্ধে আসবাবপত্র ভাঙচুর, টাকা ও সোনার গহনা লুটপাটেরও অভিযোগ পাওয়া গেছে।

মোয়াজ্জেম হোসেন নামের এক ব্যাবসায়ী জানান, একাত্তর দেখেছি। সেসময় পাক বাহিনীরও এমন করে আমাদের উপর নির্যাতন করেনি। একই কথা বললেন নাম প্রকাশে অনিচ্ছুক বাগদুর্গাপুরের ষাটোর্ধ্ব এক মহিলা। তিনি বলেন, যুদ্ধের সময়ও আমরা এই গ্রামেই ছিলাম। কিন্তু স্বাধীন হওয়ার পরও পুলিশের নির্যাতনের কারণে আমাদের গ্রাম ছাড়া হতে হল। 

বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, কানসাট এলকার গ্রামের পর গ্রাম খাঁ - খাঁ করছে। কিছু এলাকায় মহিলা থাকলেও পুরুষের উপস্থিতি ছিল একবারেই নগণ্য। সাংবাদিকদের গাড়ি দেখেই তারা ছুটে আসেন পুলিশের করুণ নির্যাতন, লুটপাট ও ভাঙচুরের বর্ণনা দিতে।

বুধবারের আড়াই ঘন্টাব্যাপী তা-ব চলাকালে পুলিশ বহলা বাড়ির গুড় ও তাঁত ব্যাবসায়ী আব্দুল জব্বারের বাড়িতে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে ৭২ হাজার টাকা ও তিন ভরি সোনা নিয়ে যায়। একই সময় বিশ্বনাথ পুরের আম ব্যাবসায়ী মতিউর রহমানের বাড়ি থেকে ৮০ হাজার টাকা লুট হয়।

প্রাণ কোলার শিবগঞ্জ উপজেলা পরিবেশক ফজলুর রহমান জানান, তার বাড়িতে রক্ষিত প্রান কোলার কয়েক’শ বোতল পুলিশ ভাঙচুর করে। এছাড়া তার গুদাম ঘরে টিয়ার সেল ও গুলি নিক্ষেপ করে পুলিশ। সব মিলিয়ে ক্ষয় - ক্ষতির পরিমাণ ৫ হাজারের অধিক বলে তিনি জানান। হঠাৎপাড়ার সিরাজুলের স্ত্রী শাহানা জানান, সীমনা প্রাচীর ভেঙ্গে তার বাড়িতে ঢুকে পুলিশ হাড়ি - পাতিল, চার্জ লাইট, আসবাবপত্র ভাঙচুর করে। এসময় ঘরে রক্ষিত প্রায় ৭ হাজার টাকা নিয়ে গেছে বলে তিনি অভিযোগ করেন। আব্বাস বাজারের মৃত মোবরক মাস্টারের বাড়িতে ঢুকে বিধবা স্ত্রী রোকেয়ার ওপর পুলিশ নির্যাতন চালায় এবং বাড়ির আসবাব পত্র ভাঙচুর করে।

সংঘর্ষের সময় অসুস্থ বাগদূর্গাপুরের ভোলানাথ দাস (৬০) বাড়িতেই ছিলেন। অসুস্থতার কারণেই তিনি পালিয়ে যেতে পারেননি। বাড়িতে ঢুকে তার ওপরও পুলিশ চালায় নির্যাতন। পুলিশের কাছে হাত জোড় করে নির্যাতন করতে নিষেধ করলে তার হাতের খুব কাছ থেকে পুলিশ গুলি চালায়। আহত অবস্থায় ভোলানাথকে চাঁপাইনবাবগঞ্জ সদরের গ্রামীন ক্লিনিকে ভর্তি করা হয়। গ্রেপ্তারের পর ভোলানাথের দুই ভাতিজা কমল দাস ও ডাবলু দাসকেও মারধর ও টেনে হেঁচড়ে পুলিশ নিয়ে যায় বলে অভিযোগ করেন ভোলানাথের স্ত্রী। বুধবার পুলিশের নির্যাতন থেকে বাদ যায়নি মসজিদের ইমাম, মোয়াজ্জিন ও মুসল্লীরাও। বহলাবাড়ী হাফেজিয়া মসজিদে ঢুকে পুলিশ মেয়াজ্জেন বিশ্বানাথপুরের ফরজেন আলীকে মারধর করে। এসময় নামাজ পড়া অবস্থায় হাসেন আলী মহরিলসহ আরো কয়েকজন মুসল্লীকে পুলিশ পিটায়। পুলিশ জুতা পরেই মসজিদের ভিতরে প্রবেশ করে বলে অভিযোগ করেছে স্থানীয়রা।