আল আরাফাহ ব্যাংকের কাউন্টার থেকে ১৫ লাখ টাকা খোয়া গেছে
আল আরাফাহ ইসলামী ব্যাংকের উত্তরা শাখার কাউন্টার থেকে গত ২৮ মার্চ একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার পেনশনের প্রায় ১৫ লাখ টাকা খোয়া গেছে।
পিডিবির অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আলী আমজাদ মিয়া ইসলামী ব্যাংক থেকে ওই টাকা তুলে উত্তরা শাখা আল আরাফাহ ব্যাংকে জমা দিতে গিয়েছিলেন। টেবিলে রাখা তার হাতব্যাগে ১৫ লাখ ৩০ হাজার টাকা ছিল।
ব্যাংক কর্মকর্তারা ও পুলিশ জানায়, তার ব্যাগটি চুরি হয়ে যেতে পারে। আমজাদ মিয়া ব্যাংকের কর্মকর্তাদের যোগসাজসে কতিপয় কর্মচারি এ ঘটনা ঘটাতে পারে ব্যাংক কর্তৃপক্ষকে জানান।
পরদিন পুলিশ সন্দেহভাজন তিন ব্যাংকের কর্মচারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- পিয়ন সালেহ আহমেদ, নিরাপত্তা রক্ষী আব্দুর রাজ্জাক ও নূর মোহাম্মদ।
সত্তোরোর্ধ আমজাদ মিয়া জানান, নিরাপত্তাহীনতার কারণে তিনি ইসলামী ব্যাংক থেকে ওই টাকা তুলে আরাফাহ ব্যাংকে ডিপোজিট করতে গিয়েছিলেন। কিন্তু নগদ টাকা না তুললেও চলে, এ বিষয়টি তার মাথায় আসেইনি।
ব্যাংকের প্রিন্সিপাল অফিসার জসিমউদ্দিনসহ অন্য কর্মকর্তা ও কর্মচারিদের উপস্থিতিতেই তার টাকা খোয়া যায়।
এ ব্যাপারে তিনি উত্তরা থানায় একটি মামলা দায়ের করেছেন।
থানা পুলিশ জানিয়েছে, সালেহকে দুদফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর আব্দুল জলিল বিডিনিউজকে জানান, গ্রেপ্তারকৃতরা পুলিশের কাছে ঘটনার সাথে সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে। তবে ব্যাংকের কর্মকর্তারা কেউ তাকে কোনো সহযোগিতা করছে না।
এ ঘটনার সাথে ব্যাংকের কিছু কর্মকর্তা ও কর্মচারি জড়িত থাকতে পারে বলে তিনি জানান।
এ ব্যাপারে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমএ সামাদ শেখের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
