যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী পালিত, ৩য় লিড
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জন্ম ও ওফাত দিবস উপলক্ষে মঙ্গলবার সারাদেশে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ - ই - মিলাদুন্নবী পালিত হয়েছে। দিনটি পালনে দেশের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন বিস্তারিত অনুষ্ঠানমালা ও কর্মসূচি গ্রহণ করে।
রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা দিবসটি উপলক্ষে পৃথক পৃথক বাণীতে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন।
দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালা ও কর্মসূচি গ্রহণ করেছে।
এসব কর্মসূচীর মধ্যে রয়েছে সেমিনার, আলোচনা-সভা, শিশুদের জন্য কেরাত ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং বইমেলা।
ঢাকা মহানগর আওয়ামী লীগ পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কার্যালয়ে মিলাদ মাহফিল, কোরআন খানি ও দোয়া মাহফিলের আয়োজন করে।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মুনসুরসহ কেন্দ্রীয় নেতারা এতে উপস্থিত ছিলেন।
এতে দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বাংলাদেশ তরিকত ফেডারেশন বিকেলে ঢাকার কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
আলোচনা শেষে এক বর্ণাঢ্য জশনে জুলুছে বের করা হয়। এতে নেতৃত্ব দেন ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ও মহাসচিব মাওলানা জাকির হোসাইন।
পবিত্র ঈদ--ই মিলাদুন্নবী ও ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাকের পার্টি ঢাকাসহ সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করে।
এ উপলক্ষে জাকের পার্টি ঢাকায় এক বর্ণাঢ্য র্যালি বের করে। কেন্দ্রীয় কমিটির সহ - সভাপতি আব্দুল কবির ও মহাসচিব আব্দুল লতিফ মুন্সির নেতৃত্বে র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়াও ঢাকায় স্বেচ্ছায় রক্তদান, দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এছাড়াও ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে সোমবার সন্ধ্যা থেকে দুদিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে কোরআন তেলাওয়াত, মোরাকাবা, মোশাহেদা, জেকের আসকার, মিলাদ মাহফিল, ওয়াজ নসিহত ও মোনাজাত।
দেশের বিভিন্ন এলাকা থেকে পার্টির নেতাকর্মীরা এসব অনুষ্ঠানে যোগ দেন। তারা দলীয় চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সলকে ফুলের তোড়া উপহার দেন।
পরে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আশেকানে মাইজভান্ডার অ্যাসোসিয়েশন এ উপলক্ষে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা, ওয়াজ মাহফিল আখেরি মোনাজাত ও জশনে জুলুছে বের করে।
এতে প্রধান অতিথি হিসেবে বয়ান করেন সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারী। এছাড়াও তথ্য ও প্রযুক্তি মন্ত্রী আব্দুল মঈন খান এবং আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম বক্তব্য রাখেন।
এতে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য সকলকে ভেদাভেদ ভুলে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
এছাড়াও জাতীয়তাবাদী ওলামা দল, আওয়ামী ওলামা লীগসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করে।
