বৃহত্তর রাজশাহী অঞ্চল ২০০৯ সালের মধ্যে গ্যাস নেটওয়ার্কের আওতায় আসবে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এক বৈঠকে সোমবার বলা হয়, বৃহত্তর রাজশাহী অঞ্চলে গ্যাস সরবরাহের চলমান কার্যক্রম দ্রুতগতিতে শেষ করা হলে ২০০৯ সালের মধ্যে সমগ্র এলাকা গ্যাস নেটওয়ার্কের আওতায় আসবে।
এছাড়া দেশের দক্ষিণাঞ্চলে অচিরেই গ্যাস সরবরাহের বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।
কমিটির সভাপতি মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে সোমবার সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
বৈঠকে বর্তমানে দেশে গ্যাসের চাহিদা ও উৎপাদন এবং আগামী পাঁচ বছরে চাহিদার পরিমাণ অনুযায়ী তা পূরনের লক্ষ্যে মন্ত্রণালয় কর্তৃক গৃহীত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
দেশের বিভিন্ন গ্যাস ক্ষেত্রে নতুন নতুন কূপ খননের মাধ্যমে ইতোমধ্যে গ্যাসের উৎপাদন বৃদ্ধি ও পর্যাপ্ত মজুদের ব্যবস্থা গ্রহণ করায় এ বছরের মধ্যেই দৈনিক এক হাজার ৯০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বলে কমিটিকে জানানো হয়। এই চলমান প্রক্রিয়ার ফলে বর্তমান সময়ের চাহিদা দৈনিক এক হাজার ৬৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করেও আগামী কয়েক বছরে গ্যাসের ক্রমবর্ধমান উৎপাদন ও মজুদ অব্যাহত থাকবে বলে কমিটিকে আশ্বস্ত করা হয়।
বৈঠকে গৃহস্থালী কাজে গ্যাসের অপচয় রোধ করে তা সাশ্রয় করার ব্যাপারে ব্যাপক জনসচেতনা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয় এবং এই সাশ্রয়কৃত গ্যাস জাতীয় স্বার্থে গ্যাসভিত্তিক শিল্প-কারখানা তৈরির কাজে ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।
কমিটির সদস্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং মোঃ নাজিম উদ্দিন আলম বৈঠকে অংশ নেন। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপদেষ্টা মাহমুদুর রহমান বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগদান করেন।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
