কানসাটে পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম পরিষদের নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি না করতে হাইকোর্টের নির্দেশ
হাইকোর্ট রোববার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম পরিষদের নেতাকর্মীদের প্রেপ্তার ও হয়রানি না করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এইড ও হিউম্যান রাইটস কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট জেডআই খান পান্নার দায়ের করা একটি রিট পিটিশনের প্রেক্ষিতে হাইকোর্ট এই নির্দেশ দেন।
এছাড়া কানসাটে ৪ ও ২৩ জানুয়ারি পুলিশের গুলিতে নিহতদের পরিবারের সদস্যদের কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না এ ব্যাপারে সরকারের প্রতি কারণ দর্শানোর রুল জারি করা হয়েছে।
হাইকোর্টের বিচারক বিচারপতি এমএ মতিন এবং বিচারপতি এটিএম ফজলে কবির সমন্বয়ে হাইকোর্টের একটি বেঞ্চ কানসাটের জনগণের ওপর বার বার পুলিিেশ হামলা কেন অবৈধ নয় এ ব্যাপারে সরকারকে এক সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন।
এছাড়া হাইকোর্ট ওই এলাকায় সেচের জন্যে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত কেন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে না সে ব্যাপারে সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নির্দেশ দেন।
এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, শিবগঞ্জ থানার ওসি, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান এবং চাঁপাইনবাবগঞ্জের পল্লী বিদ্যুৎ সমিতিকে এ ব্যাপারে দায়ী করা হয়।
এবছরের ২৩ জানুয়ারি নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে পুলিশের গুলিতে আটন নিহত হয়। একই দাবীতে ২ জানুয়ারি নিহত হয় আরো দুজন।
এরপর ৬ এপ্রিল কানসাট আবারো রক্তাক্ত হয়। ওইদিন পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম পরিষদের সাথে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে চারজন নিহত ও শতাধিক আহত হয়।
ওই ঘটনার পর থেকে পুরো শিবগঞ্জ উপজেলায় উত্তেজনা বিরাজ করছে। হত্যাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার থেকে চলছে অনির্দিষ্টকালের হরতাল।
অ্যাডভোকেট জেডআই খান পন্না জনস্বার্থে সরকারের কর্মকাণ্ড চ্যালেঞ্জ করে এই রিট পিটিশন দায়ের করেন।
ড. কামাল হোসেন, অ্যাডভোকেট ইদ্রিসুর রহমান, ব্যারিস্টার তানজিবুল আলম, ব্যারিস্টার সারা হোসেন আবেদনকারীর পক্ষে মামলা পরিচালনা করেন।
