আন্তর্জাতিক অঙ্গনে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতে প্রশিকার নিবন্ধন লাভ
জাতীয় পর্যায়ে সাফল্যের পর বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকা এবার আন্তর্জাতিক অঙ্গনে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করবে।
বেসরকারি এ প্রতিষ্ঠানটির উদ্যোগে প্রতিষ্ঠিত ‘প্রশিকা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট সোসইটি’ নামে একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় নিবন্ধিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রশিকা ইন্টারন্যাশনাল প্রশিকা উদ্ভাবিত উন্নয়ন মডেলের আলোকে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করবে।
দারিদ্রমোচন, দরিদ্রদের ক্ষমতায়ন এবং অধিকারভিত্তিক নানাবিধ কর্মকাণ্ড পরিচালনায় প্রশিকার তিন দশকেরও বেশী সময়ের সার্থক অভিজ্ঞতা রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রশিকা ইন্টারন্যাশনালের প্রধান উদ্দেশ্যসমূহ হচ্ছে বাংলাদেশ ও বিভিন্ন দেশ থেকে দারিদ্র দূরীকরণ, মানবাধিকার সুরক্ষা এবং দরিদ্র, শিশু, নারী, আদিবাসি, প্রতিবন্ধী ও বিভিন্ন দেশের অভিবাসী শ্রমিকদের অধিকার সংরক্ষণ ও উন্নয়ন।
এসব লক্ষ্য অর্জনে প্রশিকা ইন্টারন্যাশনাল উত্তরের দেশগুলোতে বসবাসকারী বাংলাদেশী ও অন্যান্য দেশের অভিবাসীদের সম্পৃক্ত করবে।
