লাকসামে আন্তঃনগর মহানগর এক্সপ্রেস লাইনচ্যুত
চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনটি বৃহস্পতিবার দুপুরে লাকসাম আউটার স্টেশনে প্রবেশ করার পথে গার্ড ব্রেকসহ এর চারটি যাত্রীবাহি বগি লাইনচ্যুত হয়েছে।
এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে ঢাকা-চট্টগ্রাম, সিলেট-চট্টগ্রাম ও চাঁদপুর-চট্টগ্রামের সকল ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
লাকসাম রেলওয়ে সূত্র জানায়, ইন্টারসিটি ট্রেনটি লাকসাম আউটারে এসে পৌঁছুলে ৩২নং ইয়ার্ডের কাছে পেছনের চারটি বগি লাইন থেকে সরে যায়।
লাকসামের রিলিফ ট্রেন দুর্ঘটনাকবলিত এলাকায় পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাজ চলছিলো। খুব শিগগিরই ঢাকা-চট্টগ্রাম, সিলেট-চট্টগ্রাম ও চাঁদপুর-চট্টগ্রামের সকল ট্রেন যোগাযোগ পুনরায় শুরু হবে বলে রেল কর্তৃপক্ষ জানান।
