২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় সেনা সদস্যসহ ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় বজ্রপাতে ৭ জন নিহত

ঢাকা সেনানিবাসে এক সেনা সদস্যসহ ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় পৃথক পৃথক স্থানে মঙ্গলবার বজ্রপাতে সাত জন নিহত এবং অগ্নিদগ্ধ হয়ে আরো পাঁচজন গুরুতর আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2006, 09:04 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

সূত্র জানায়, ঢাকা সেনানিবাসের সিওডি প্যারেড গ্রাউন্ডে মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ফুটবল খেলার সময় বজ্রপাতে মনির হোসেন (২২) নামে এক সৈনিক নিহত হয়। ঘটনার পর মনির হোসেনকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত মনির হোসেন আর্মি এমটি ব্যাটালিয়নে কর্মরত ছিলো বলে সেনা সূত্র জানায়।  

বিডিনিউজ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পৃথক পৃথক স্থানে বজ্রপাতে তিন জন নিহত হয়। নিহতরা হলো মুসলিম মিয়া (৪০), মোহন দাস (৭০) এবং অহিদ মিয়া (২৫)। বজ্রপাতে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ কুমিল্লা প্রতিনিধি জানান, জেলার বুরিচং ও মেঘনা উপজেলার পৃথক স্থানে মঙ্গলবার বজ্রপাতে তিন জন নিহত ও দুই জন গুরুতর আহত হয়। এদের মধ্যে বুরিচংয়ের দেবপুরে ফরিদ মিয়া (৫০) নামে এক নির্মাণ শ্রমিক নির্মান কাজ চলাকালে বজ্রপাতের আঘাতে নিহত হয়। অপর ঘটনায় মেঘনা উপজেলার উড়ইকান্দি গ্রামের অজ্ঞাত পরিচয় দুই কৃষক মঙ্গলবার একই সময়ে বজ্রপাতের আঘাতে নিহত হয়।