ছাত্রদলের হামলার প্রতিবাদে কুড়িগ্রাম কলেজের শিক্ষকদের কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল
ছাত্রদলের হামলা, ভাংচুর ও প্রাণ নাশের হুমকীর প্রতিবাদে কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষক--কর্মচারীরা কালো ব্যাচ ধারণ করে মঙ্গলবার দুপুরে শহরে মৌন মিছিল করেন। মিছিল শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট স্মারক লিপি পেশ করেন।
স্মারক লিপিতে অভিযোগ করে বলা হয়, কুড়িগ্রাম সরকারি কলেজে অনার্স ভর্তি পরীক্ষার বিষয় নির্বাচনের ক্ষেত্রে ছাত্রদলের পছন্দের প্রায় একশ’ প্রার্থীর অন্তর্ভূক্তির দাবিতে ক্যাডাররা কলেজ অধ্যক্ষের কার্যালয় ও একজন শিক্ষকের বাসায় হামলা, ভাংচুর, প্রাণনাশের হুমকী এবং নোটিশ বোর্ডে অগ্নিসংযোগ করে।
উল্লেখ্য, এ বছর øাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সংক্রান্ত কার্যক্রমে শুরু থেকে ছাত্রদলের নেতারা অধ্যক্ষ ও ভর্তি কমিটির সদস্যদের নানা হুমকী দিয়ে আসছিল।
এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কাশেম সরকার বলেন, কোন চাপের মুখে তারা নতি স্বীকার করবেন না। এদিকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল হামিদুজ্জামান হামিদ জানান, আওয়ামী লীগ পন্থী শিক্ষকরা কলেজ পরিচালনা করায় ছাত্রদলের আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহের জন্যে পায়তারা করছেন।
