৩৬ বছরের পথ পরিক্রমায় মহিলা পরিষদ দেশের অধিকার বঞ্চিত নারীদের পাশে দাঁড়িয়েছে: মালেকা বানু
বাংলাদেশের নারীদের অধিকার সচেতন করে তুলতে ও অধিকার আদায়ে বাংলাদেশ মহিলা পরিষদ ৩৬ বছর ধরে নিরন্তর সংগ্রাম করে চলেছে। ৩৬ বছরের পথপরিক্রমায় মহিলা পরিষদ দেশের অধিকার বঞ্চিত নারীদের পাশে দাঁড়িয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ মহিলা পরিষদের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আগে কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মালেকা বানু বিডিনিউজের সাথে এক সাক্ষাৎকারে একথা জানান।
১৯৭০ সালের ৪ এপ্রিল স্বাধীনতা যুদ্ধের প্রস্তুতি পর্বে নারীও মানুষ এ আহ্বান নিয়ে মহিলা পরিষদের জন্ম। নারীদের রাজনৈতিক, সামাজিক ক্ষেত্রে অধিকার আদায়ে শৃঙ্খলাবোধের হাত থেকে মুক্তি পেতে মহিলা পরিষদ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে শুরু করে নারী মুক্তি আন্দোলন।
মহিলা পরিষদের সাফল্য যেমন রয়েছে তেমনি রয়েছে ব্যর্থতাকে জয় করার সামগ্রিক প্রচেষ্টা, সর্বোপরি নারীদের সচেতন করে তোলা।
মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা কবি সুফিয়া কামাল এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন মালেকা বেগম, সহ - সভানেত্রী ডা.ফৌজিয়া মুসলিম, ডা.মাগদুমা নার্গিস। বর্তমান সভানেত্রী হেনা দাস ও সাধারণ সম্পাদক আয়েশা খানম।
মালেকা বানু বিডিনিউজকে বলেছেন, মহিলা পরিষদ অধিকার আদায়, সংরক্ষণে কাজ করে। কর্মসংস্থান বা সুযোগ সৃষ্টি পরিষদের কাজ নয়।
তিনি আরো বলেন, যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এর যাত্রা শুরু হয়েছিল স্বাধীনতার এত বছর পরও তা পুরোপুরি পূরণ হয়নি। এখনো পরিবার, সমাজ বা রাষ্ট্র নারীকে ব্যক্তি স্বাধীনতা দিচ্ছেনা। দেখা যায়, মিছিল,মিটিংয়ে নারীকে সামনে রাখা হয় কিন্তু সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাকে কৌশলে দূরে সরিয়ে রাখা হচ্ছে।
মহিলা পরিষদের সবচেয়ে বড় সাফল্য বিভিন্ন সময়ে আইন প্রণয়নে সরকারকে চাপ দিয়ে জোরালো আন্দোলনের মাধ্যমে আইন প্রণয়ন করা। ১৯৮০ সালে যৌতুক নিরোধ আইন, ১৯৮৩ সালে নারী নির্যাতন বিবর্তন প্রতিরোধ আইন এবং ১৯৮৫ সালের পারিবারিক আদালত অধ্যাদেশ আইন প্রণয়নে মহিলা পরিষদের আন্দোলন জোরালো ভূমিকা রাখে।
সংসদে সরাসরি নির্বাচনের ইস্যুকে একটি জাতীয় ইস্যু সৃষ্টিতে সক্ষম মহিলা পরিষদ।
তিনি আরো বলেন, রাজনৈতিক অসততার কারণেই এ দাবীকে প্রত্যাখ্যান করা হয়েছে।
১৯৯৭ সালে প্রণীত ‘জাতীয় নারী উন্নয়ন নীতির ব্যাপারে বর্তমান সরকার কারো সাথে আলোচনা না করেই গোপনে প্রতি ক্ষেত্রে সমঅধিকারের বিষয়টি কেটে দিচ্ছে। যা মৌলবাদী চিন্তা - ভাবনার প্রতিফলন।
তিনি আরো বলেন,মহিলা পরিষদের ভূমিকার জন্যেই বাংলাদেশে নারী আন্দোলন এখন দৃশ্যমান। অর্থাৎ নারীরা এখন অধিকার সম্বন্ধে সচেতন।
তিনি আরো বলেন, মহিলা পরিষদ আন্দোলনের মাধ্যমে নারীদের নির্যাতনের আইন সম্বন্ধে সচেতন করে তুলতে জোরালো ভূমিকা রেখেছে।
তিনি বলেন, নারীর প্রতি সকল বাধার বৈষম্য বিলোপে জাতিসংঘের সনদ সিডো। সরকার সিডো অনুমোদন করলেও অনুমোদন করেনি এর ২ নং ধারার। ২ নং ধারায় বলা হয়েছে, কোন ধরণের বৈষম্যমুলক অধ্যায় থাকলে তা পরিবর্তন করতে হবে। ফলে সিডোর পুরোপুরি বাস্তবায়ন হয়নি।
মঙ্গলবার মহিলা পরিষদের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটি মহিলা পরিষদে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে।
