সিরাজগঞ্জে বিদ্যালয় স্থানান্তরকে কেন্দ্র করে সংঘর্ষে ১ জন নিহত, আহত ২৫
সিরাজগঞ্জের চৌহালিতে রোববার সকালে একটি উচ্চ বিদ্যালয় স্থানান্তরকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত এবং ২৫ জন আহত হয়েছে। নিহতের নাম লাল মিঞা (৪০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রোববার সকালে চৌহালি উপজেলার দত্তবাড়ি গ্রামে অবস্থিত উচ্চ বিদ্যালয়টি জোরপূর্বক স্থানান্তরের জন্যে দত্তবাড়ি পূর্বপাড়ার শতাধিক বাসিন্দা হামলা চালায়। এ সময় দত্তবাড়ি গ্রামের অধিবাসীরা বাধা দিলে উভয় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে দত্তবাড়ি গ্রামের ফকির চাঁনের পুত্র লাল মিঞা ঘটনাস্থলে নিহত হয়। এসময় উভয় গ্রামের প্রায় ২৫ জন আহত হয়। সংঘর্ষ চলাকালে ১০/১২ টি ঘর বাড়ি ভাংচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ নিহত লাল মিঞার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় চৌহালি থানায় একটি মামলা হয়েছে।
