চট্টগ্রামে শনিবার থেকে মহিলাদের জন্য বাস সার্ভিস চালু
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) শনিবার থেকে শহরে প্রথমবারের মতো মহিলাদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু হয়েছে।
মেয়র আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী শনিবার আনুষ্ঠানিকভাবে আন্দরকিল্লা স্কোয়ারে এ সার্ভিসের উদ্বোধন করেন। মেয়রের স্ত্রী সকিনা মহিউদ্দিনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তাকে এ সার্ভিস দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়।
সিটি মেয়র তার বক্তব্যে বলেন, এ সার্ভিস মহিলা যাত্রীদের যাতায়াতের অসুবিধা দূর করবে। প্রাথমিক পর্যায়ে চারটি বাস নিয়ে এ সার্ভিস শুরু করা হলেও পর্যায়ক্রমে বাসের সংখ্যা বাড়ানো হবে।
প্রস্তাবিত চারটি রুটের মধ্যে প্রথম বাসটি বহদ্দারহাট থেকে মুরাদপুর, জিইসি, টাইগারপাস, আগ্রাবাদ, কাস্টমস, ইপিজেড ও সমুদ্র সৈকত হয়ে বিমানবন্দর পৌঁছবে।
দ্বিতীয় বাসটি বহদ্দারহাট থেকে চকবাজার, আন্দরকিলা, নিউমার্কেট, টাইগারপাস ও আগ্রাবাদ হয়ে বিমানবন্দরে যাবে।
তৃতীয় বাসটি ফৌজদারহাট, কর্নেলহাট, ফয়েজলেক, জিইসি, টাইগারপাস, আগ্রাবাদ হয়ে বারোপলি রোড হয়ে নয়াবাজার, অলঙ্কার, ফৌজদারহাট যাবে।
চতুর্থ বাসটি নন্দিরহাট থেকে অক্সিজেন, সোলাশহর ও জিইসি ক্রসিং হয়ে বিমানবন্দরে পৌঁছবে।
সিসিসি কর্তৃপক্ষ জানায়, ১২৯ আসন বিশিষ্ট জাপানের তৈরি বাসগুলি সিএনজিতে রুপান্তর করা হয়েছে। শহরের বিভিন্ন জায়গায় ৮৫ টি টিকিট কাউন্টার স্থাপন করা হয়েছে। এসব জায়গায় যাত্রীছাউনি নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
ইতোমধ্যে সিসিসি এবং আমিন বাস সার্ভিস এ ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
সিসিসি কর্তৃপক্ষ জানায়, মহিলাদের সুষ্ঠু ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
