চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ছাত্রদল - ছাত্রশিবির সংঘর্ষে আহত ১০
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (সিএমসি) হোস্টেলে শুক্রবার ভোরে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
পুলিশ ও ক্যাম্পাস সূত্র জানায়, সংঘর্ষের সময় ইসলামী ছাত্রশিবিরের এক নেতার মোটর সাইকেল ও সিএমসি’র প্রধান হোস্টেলের কমপক্ষে আটটি কক্ষ ভাংচুর করা হয়।
সংঘর্ষের পর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ শিশু বিভাগের অধ্যাপক বদরুল আলমকে প্রধান করে চারসদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। সাতদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে মেডিক্যাল কলেজের অন্যান্য হোস্টেল ও ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সূত্র জানায়, ছাত্রদলের এক নেতা তার জন্মদিন উপলক্ষে বন্ধুদের নিয়ে শুক্রবার ভোর রাত ১টার দিকে জোরে জোরে গান শুনছিলেন। এ সময় ইসলামী ছাত্রশিবিরের নেতারা প্রতিবাদ করলে দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।
বন্দরনগরীর চত্তেশ্বরী রোডের হোস্টেলটিতে উভয় ছাত্র সংগঠন হামলা চালিয়ে কমপক্ষে আটটি কক্ষ ভাংচুর করে।
আহতদের মধ্যে কলেজ ছাত্র ইউনিয়নের সহসভাপতি আব্দুল মতিন ও ছাত্রদল কলেজ শাখা সভাপতিও রয়েছেন বলে জানা গেছে।
