৫০ কোটি টাকার বেশি মূলধনের কোম্পানীগুলোকে অবশ্যই শেয়ার বাজারে আসতে হবে
সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ৫০ কোটি টাকার অধিক পরিশোধিত মূলধনের কোম্পানিগুলোকে শেয়ার বাজারে আসা বাধ্যতামুলক করে একটি খসড়া বিধিমালা চূড়ান্ত করেছে বলে কমিশন সূত্র জানায়।
ব্যাবস্থা গ্রহনের জন্য খসড়াটি বর্তমানে গেজেট আকারে প্রকাশের অপেক্ষায় রয়েছে উল্লেখ করে এসইসি সূত্র জানায়, এক মাসের মধ্যে এর কার্যক্রম শুরু হতে পারে।
এসইসি’র নির্বাহী পরিচালক মনসুর আলম বিডিনিউজকে বলেন, গেজেটটি প্রকাশের পর আমরা ‘জয়েন্ট স্টক কোম্পানী অ্যান্ড ফার্মস’র রেজিস্টার থেকে ৫০ কোটি টাকার অধিক পরিশোধিত মূলধনের কোম্পানিগুলো সম্পর্কে তথ্য সংগ্রহ কাজ শুরু করবো।
এসইসি ৮ ফেব্র“য়ারি নতুন বিধিমালাটি চূড়ান্ত করে, যেখানে উপরিউল্লেখিত শ্রেনীভূক্ত কোম্পানিগুলোর জন্য শেয়ার বাজার থেকে তাদের পূঁজির অন্ততপক্ষে ৩০ ভাগ সংগ্রহ করা বাধ্যতামূলক করা হয়।
দেশে তিন বছর অথবা তার বেশি সময় ধরে কাজ করা দেশি ও বিদেশি সকল প্রতিষ্ঠানের জন্য এসইসির এই নতুন বিধিমালা প্রযোজ্য হবে।
বিধিমালায় যে সকল কোম্পানির পরিশোধিত পূঁজির পরিমান ৪০ কোটি টাকা বা এর অধিক, তাদের গেজেট প্রকাশের দিন থেকে পরবর্তী ১২ মাসের মধ্যে পাবলিক লিমিটেড কোম্পানিতে রুপান্তরিত করা বাধ্যতামূলক করা হয়েছে।
এসইসি সূত্র জানায়, কমিশন ইতিমধ্যে এই শ্রেণীর বাইরে থাকা কয়েকটি কোম্পানি চিহ্নিত করেছে।
এসইসির চিহিৃত কোম্পানিগুলোর মধ্যে ২৫ টির পাবলিক লিমিটেড কোম্পানীতে রুপান্তরিত হওয়ার প্রয়োজন হবে, যেখানে অন্য পাঁচটির প্রাথমিক শেয়ার বরাদ্দ(আইপিও)’র মাধ্যমে শেয়ার বাজারে আসতে হবে।
পাঁচটি কোম্পানির মধ্যে রয়েছে অ্যামিরিকান সুপার স্পেশালিটি হসপিটাল লিমিটেড, ইম্পেরিয়াল হসপিটাল লিমিটেড, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), একটেল মোবাইল ফোন পরিচালনাকারী প্রতিষ্ঠান টিএম ইন্টারন্যাশনাল (বিডি) লিমিটেড এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড।
যদিও এসইসি সূত্র বলেছে, এই শ্রেনীর চিহ্নিত প্রতিষ্ঠানের সংখ্যা আরো বেশি হতে পারে।
