২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের ক্রসফায়ারে নিহত যুবলীগ নেতা ইমান আলী হত্যা মামলায় রিভিশন দায়ের

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) এর ক্রসফায়ারে নিহত সাভারের যুবলীগ নেতা ইমান আলী হত্যা মামলা খারিজ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মঙ্গলবার রিভিশন দায়ের করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2006, 04:57 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

মহানগর দায়রা জজ মোঃ মমিনউল্ল্যাহ রিভিশন আবেদনের ওপর প্রাথমিক শুনানি গ্রহণ শেষে, আগামী ৩ মে মূল শুনানির জন্যে তারিখ নির্ধারণ করেন।

গত ২২ মার্চ ঢাকার সিএমএম আদালতে নিহত ইমান আলীর ভাই নজরুল ইসলাম বাদী হয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, র‌্যাবের মহাপরিচালক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মামাতো ভাই মির্জা হাফিজুর রহমানসহ কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তার ভাইকে অপহরণ ও হত্যার অভিযোগে মামলা দায়ের করেন।

ওই মামলার শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, মামলাটির ঘটনাস্থল এই আদালতের এখতিয়ারভূক্ত নয় বলে তা খারিজ করে দেন।

মামলার অভিযোগে বলা হয়েছিল, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মামাতো ভাই মির্জা হাফিজ গত ২১ ফেব্র“য়ারি সাভারের মিটন গ্রামে ১১ একর জমি দখল করতে গেলে ইমান আলীর নেতৃত্বে স্থানীয় জনগণ তাতে বাধা দেয়।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ইন্ধনে ৮ মার্চ ঢাকা জজ কোর্ট গেট থেকে সাদা পোশাকধারী র‌্যাব সদস্যরা তাকে অপহরণ করে। পরে তাকে ক্রসফায়ারে হত্যা করা হয়।

হত্যার আগে আসামীরা সবাই মিলে গোপন বৈঠকে মিলিত হয়েছিল বলেও মামলায় উল্লেখ করা হয়।