২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি বিরোধী অভিযানে এসিসির আহ্বানে সাড়া দেয়নি র‌্যাব, রোকনউদ্দৌলাকে চায় এসিসি

দুর্নীতি দমন কমিশন (এসিসি) বিভিন্ন সরকারি অফিসে দূর্নীতি বিরোধী ঝটিকা অভিযান চালাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সহায়তা চেয়েও কোনো সাড়া পায়নি। র‌্যাব না পেলে বিডিআর সদস্যদের নিয়ে এ অভিযান শুরু করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2006, 07:07 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

তবে এসিসি দুর্নীতি বিরোধী অভিযানের জন্যে ভেজালবিরোধী সফল অভিযানের কারণে প্রশংসিত ও বহুল আলোচিত ম্যাজিস্ট্রেট রোকনউদ্দৌলাকে নেয়ার উদ্যোগ নিয়েছে।

দু’একদিনের মধ্যেই তাকে প্রেষণে এসিসিতে নিয়োগের জন্যে এসিসি সংশ্লিষ্ট দপ্তরকে চিঠি দেবে বলে জানা গেছে।

এসিসি সূত্র জানায়, এক সপ্তাহ আগে এসিসির চেয়ারম্যান বিচারপতি সুলতান হোসেন খান র‌্যাবের মহাপরিচালক (ডিজি) আব্দুল আজিজ সরকারের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন। কিন্তু সপ্তাহ পেরিয়ে গেলেও র‌্যাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে এ ব্যাপারে এসিসির সাথে কোনো যোগাযোগ করা হয়নি।

ফলে এসিসি এ সপ্তাহ থেকে বিভিন্ন সরকারি অফিসে ঝটিকা অভিযান শুরুর সিদ্ধান্ত কার্যকর করতে পারেনি। ফলে এসিসি র‌্যাবের বিকল্প হিসেবে বিডিআর সদস্যদের এ অভিযানে যুক্ত করতে আগ্রহী।

এ ব্যাপারে বিডিআরেরও কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন এসিসির চেয়ারম্যান বিচারপতি সুলতান হোসেন খান।

তিনি বিডিনিউজকে জানান, দুর্নীতি ও ঘুষ বিরোধী অভিযানে অংশ নেয়া এসিসির কর্মকর্তাদের নিরাপত্তায় প্রয়োজনে র‌্যাব সদস্যদের নিয়োগের জন্যে র‌্যাবের ডিজির সাথে কথা বলেছি। কিন্তু তাদের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এ সপ্তাহের মধ্যে সাড়া পাওয়া না গেলে বিডিআর সদস্যদের নিয়েই অভিযান শুরু করা হবে।

তিনি আরো জানান, ভেজাল বিরোধী অভিযানে অংশ নিয়ে প্রশংসিত ম্যাজিস্ট্রেট রোকনউদ্দৌলাকেও এসিসিতে প্রেষণে আনার চেষ্টা করছে এসিসি। দু’একদিনের মধ্যেই মহানগর মূখ্য হাকিমসহ সংশ্লিষ্ট দপ্তরে এ জন্যে চিঠি দেওয়া হবে।

এ ব্যাপারে ম্যাজিস্ট্রেট রোকনউদ্দৌলার সাথে যোগাযোগ করা হলে তিনি এ সিদ্ধান্তকে স্বাগত: জানিয়ে বলেন, আমাকে যেখানেই দেওয়া হোক না কেন, কাজ করতে কোনো আপত্তি নেই।

তিনি বলেন, কমিশনের এ উদ্যোগ প্রশংসনীয়। এসিসি দুর্নীতি বিরোধী অভিযান শুরু করলে এতে সাধারণ মানুষ উপকৃতই হবে।