বিদ্যুতের দাবিতে যশোর-সাতক্ষীরা সড়ক অবরোধ, পুলিশ-জনতা সংঘর্ষে আহত ৬
বিদ্যুতের দাবিতে কৃষক-জনতা সোমবার যশোর--সাতক্ষীরা সড়ক অবরোধ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবরুদ্ধ করে রেখেছে। এসময় পুলিশের সাথে জনতার সংঘর্ষে একজন পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ছয় জন আহত হয়।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উত্তেজিত জনতা যশোর-সাতক্ষীরা সড়কের বেগারিতলা এলাকায় রাস্তায় গাছের গুড়ি ফেলে ব্যারিকেড দেয়। এসময় রাস্তার দু’ধারে বহু যানবাহন আটকা পড়ে। অবরোধকারী কৃষক-জনতা বিদ্যুতের দাবিতে শ্লোগান দিতে থাকে। খবর পেয়ে মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মমিনুর রহমান বেলা ১১টায় ঘটনাস্থলে পৌছুঁলে উত্তেজিত জনতা ইউএনওকে স্থানীয় ভোগগাতি ইউপি কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে মনিরামপুর থানাসহ যশোর কোতয়ালি পুলিশের অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে পৌছায়। এ সময় জনতার সাথে পুলিশেরও সংঘর্ষ বাধে। এক পর্যায়ে পুলিশ জনতার উপর লাঠিচার্জ করলে জনতাও ইট-পাটকেল ছুঁড়তে থাকে। এতে এসআই তোতা মিয়া, আকরামুল (২৮), শরিফুর (১৮), মামুন (২০) সহ কমপক্ষে ছয় জন আহত হয়। উত্তেজিত জনতা এসময় একটি যাত্রীবাহী বাসও ভাংচুর করে।
পরে বেলা ১টার দিকে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা আন্দোলনকারীদের স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহসহ অন্যান্য আশ্বাস দিলে জনতা ব্যারিকেড তুলে নেয়।
