আমলাতান্ত্রিক জটিলতায় ৩৫ বছর আটকে রয়েছে গণপূর্তের ৯৫১ কর্মচারির ভবিষ্যৎ
সরকারি সিদ্ধান্ত থাকলেও গণপূর্ত অধিদপ্তরের ৯৫১ জন কার্যভিত্তিক (ওয়ার্কচার্জড) কর্মচারিকে দীর্ঘ ৩৫ বছরেও নিয়মিত করা হয়নি। ফলে দীর্ঘদিন চাকরি করেও এসব কর্মচারি অবসরকালীন বেতন - ভাতা ও সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
পূর্ত অধিদপ্তর সূত্রে জানা যায়, ১৯৬৯ সালের ২৮ মার্চ অনুষ্ঠিত এক সভায় তৎকালীন ‘সার্ভিসেস অ্যান্ড জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট’ ১০ বছরের অধিক সময় কর্মরত ওয়ার্কচার্জড কর্মচারিদের নিয়মিত করার সিদ্ধান্ত নেয়। ওই সভায় এসব কর্মচারিদের মধ্যে থেকে নন - গেজেটেড পদের ৫০ শতাংশ পূরণের সিদ্ধান্তও নেয়া হয়।
স্বাধীনতা পরবর্তী সময়ে সরকার ওই সিদ্ধান্তটি বাস্তবায়নের উদ্যোগ নেয়। ১৯৮৬ সালে সংস্থাপন মন্ত্রণালয়ের একজন যুগ্ম - সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ’৯৬ সালের ২৬ মে একটি সার্কুলারে তৎকালীন সংস্থাপন সচিব এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্যে সংশ্লিষ্টদের অনুরোধ করেন।
সর্বশেষ ’৯৭ সালের ৩০ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের এক সভায় এসব কর্মচারিদের নিয়মিত করার ক্ষেত্রে কোনো বাধা নেই বলে মত প্রকাশ করা হয়।
বিক্ষুব্ধ কর্মচারিরা জানান, আমলাতান্ত্রিক জটিলতার কারণে সরকারে এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি দীর্ঘদিন ঝুলে থাকে। সর্বশেষ ২০০৩ সালে সংশ্লিষ্ট মন্ত্রীর নির্দেশে মাত্র ৫১৫ জন কর্মচারিকে নিয়মিত করা হয়। বাকী ৯৫১ জন কর্মচারিকে নিয়মিত করার ব্যাপারে প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছে না। ফলে বঞ্চিত কর্মচারিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ এবং গণপূর্ত কর্মচারি ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান জানান, দীর্ঘদিন চাকরি করার কারণে এসব কর্মচারিকে মানবিক দৃষ্টিকোন থেকে নিয়মিত করা উচিত। এ ব্যাপারে সরকারের আন্তরিকতা থাকলেও প্রশাসনিক কর্মকর্তারা সিদ্ধান্ত বাস্তবায়নে গড়িমসি করছে।
তিনি জানান, অবিলম্বে সিদ্ধান্তটি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেয়া না হলে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করবেন।
