বিদ্যুতের দাবিতে যশোরে কৃষকদের সড়ক অবরোধ ও বিদ্যুত অফিস ভাঙচুর, সাংসদকে ধাওয়া, পরে প্রত্যাহার
যশোরের চৌগাছায় চারটি স্থানে বিদ্যুতের দাবিতে রোববারও কয়েক হাজার কৃষক সড়ক অবরোধ করে। সকাল ৬টা থেকে শুরু হওয়া এই সড়ক অবরোধের ফলে বহুসংখ্যক যানবাহন ও হাজার হাজার যাত্রী আটকা পড়ে। প্রশাসনের হস্তক্ষেপে পাঁচ ঘন্টা পর কৃষকরা অবরোধ প্রত্যাহার করে নেয়।
অবরোধ চলাকালে বিক্ষুব্ধ জনতা স্থানীয় পল্লী বিদ্যুত অফিস ও স্বাধীনতা দিবস উপলক্ষে স্থানীয় হাই স্কুল মাঠের অনুষ্ঠানের মঞ্চ ভাংচুর করে।
এছাড়াও স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে আসা স্থানীয় সাংসদ মুহাদ্দিস আবু সাঈদ বিক্ষুব্ধ কৃষকদের রোষানলের শিকার হন। এক পর্যায়ে কৃষকরা তাকে ধাওয়া করলে তিনি এলাকা ত্যাগে বাধ্য হন।
স্থানীয় এলাকাবাসী জানায়, গত কয়েকদিন ধরে ৩৬ ঘন্টায় চৌগাছার মানুষ মাত্র দেড় ঘন্টা বিদ্যুৎ সরবরাহ পাচ্ছে। কৃষকদের অভিযোগ, এর ফলে তাদের মাঠের ফসল শুকিয়ে মারা যাচ্ছে।
সকাল ৬টার দিকে স্থানীয় কৃষকরা যশোর -- চৌগাছা, চৌগাছা -- মহেশপুর, চৌগাছা -- কোর্ট চাঁদপুর ও চৌগাছা -- ঝিকরগাছা সড়ক অবরোধ করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এদিকে বিদ্যুতের দাবিতে কৃষকদের সড়ক অবরোধে ক্ষিপ্ত পরিবহন শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে সকাল সাড়ে ১০ টার দিকে চৌগাছা বাজারে হামলা চালায়। এ সময় স্থানীয় পল্লী বিদ্যুত অফিস ভাঙচুর হয়। তারা চৌগাছা বাজারের প্রায় সকল দোকান পাট জোর করে বন্ধ করে দেয়।
উত্তেজিত শ্রমিকরা এরপর স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত চৌগাছা হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানমালার মঞ্চে হামলা চালায়। তারা মঞ্চ ভাঙচুর করলে অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।
ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আসা স্থানীয় এমপি মুহাদ্দিস আবু সাঈদকে পথিমধ্যে কৃষকরা ধাওয়া করলে তিনি অনুষ্ঠাস্থলে না এসেই ফিরে যান।
পরে বেলা ১১টার দিকে প্রশাসনের কর্মকর্তাদের হস্তক্ষেপে বিক্ষুব্ধ কৃষক ও তাদের সাথে সংহতি প্রকাশকারি বাস শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেয়।
এরআগে শনিবারও বিদ্যুতের দাবিতে জেলার কৃষকরা যশোর -- চৌগাছা, চৌগাছা বাজার, ছলুয়া এবং চৌগাছা--ঝিকরগাছা সড়কের গরিবপুরে অন্তত: পাঁচ ঘন্টার জন্য সড়ক অবরোধ করে। কৃষক -- জনতা এসব স্থানে টায়ার জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দিলে প্রচুর বাস, ট্রাক, টেম্পু, রিকসা-- ভ্যান আটকা পড়ে।
এলাকাবাসীরা জানায়, অবরোধ শুরুর পরপরই ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়।
