২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে কৃষকদের আবারো সড়ক অবরোধ, পল্লী বিদ্যুত অফিস ভাঙচুর, এমপিকে ধাওয়া

যশোরের চৌগাছায় চারটি স্থানে বিদ্যুতের দাবিতে  রোববারও হাজার হাজার কৃষক সড়ক অবরোধ করে। সকাল ৬ টা থেকে শুরু হওয়া এই সড়ক অবরোধের ফলে বহুসংখ্যক যানবাহন ও হাজার হাজার যাত্রী আটকা পড়ে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2006, 01:14 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

এদিকে এ  ঘটনায় ক্ষিপ্ত বাস শ্রমিকরা পল্লী বিদ্যুত অফিস ও ২৬ মার্চ উপলক্ষে স্থানীয় হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুর করে।

এছাড়া স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে আসা স্থানীয় এমপি মুহাদ্দিস আবু সাঈদ বিক্ষুব্ধ কৃষকদের রোষানলের শিকার হন। এক পর্যায়ে কৃষকরা তাকে ধাওয়া করলে তিনি এলাকা ত্যাগে বাধ্য হন।

স্থানীয় এলাকাবাসী জানায়, গত কয়েকদিন ধরে ৩৬ ঘন্টায় চৌগাছার মানুষ মাত্র দেড় ঘন্টা বিদ্যুৎ সরবরাহ পাচ্ছে। কৃষকদের অভিযোগ, এর ফলে তাদের মাঠের ফসল শুকিয়ে মারা যাচ্ছে।

সকাল ৬ টার দিকে স্থানীয় কৃষকরা যশোর - চৌগাছা, চৌগাছা - মহেশপুর, চৌগাছা - কোর্ট চাঁদপুর ও চৌগাছা - ঝিকরগাছা সড়ক অবরোধ করে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত কৃষকদের সড়ক অবরোধ চলছিলো।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এদিকে বিদ্যুতের দাবিতে কৃষকদের সড়ক অবরোধে ক্ষিপ্ত পরিবহন শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে সকাল সাড়ে ১০ টার দিকে চৌগাছা বাজারে হামলা চালায়। এ সময় স্থানীয় পল্লী বিদ্যুত অফিস ভাঙচুর হয়। তারা চৌগাছা বাজারের প্রায় সকল দোকান পাট জোর করে বন্ধ করে দেয়।

উত্তেজিত শ্রমিকরা এরপর স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত চৌগাছা হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানমালার মঞ্চে হামলা চালায়। তারা মঞ্চ ভাঙচুর করলে অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।

ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আসা স্থানীয় এমপি মুহাদ্দিস আবু সাঈদকে পথিমধ্যে কৃষকরা ধাওয়া করলে তিনি অনুষ্ঠাস্থলে না এসেই ফিরে যান।

এরআগে শনিবারও বিদ্যুতের দাবিতে জেলার কৃষকরা যশোর - চৌগাছা, চৌগাছা বাজার, ছলুয়া এবং চৌগাছা-ঝিকরগাছা সড়কের গরিবপুরে অন্তত: পাঁচ ঘন্টার জন্য সড়ক অবরোধ করে। কৃষক - জনতা এসব স্থানে টায়ার জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দিলে প্রচুর বাস, ট্রাক, টেম্পু, রিকসা- ভ্যান আটকা পড়ে।

এলাকাবাসীরা জানায়, অবরোধ শুরুর পরপরই ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়।