২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চা শ্রমিক ইউনিয়ন সভাপতির গ্রেপ্তারকে কেন্দ্র করে শ্রীমঙ্গলে সংঘর্ষে আহত ৫০, ঢাকা--সিলেট মহাসড়ক অবরোধ

অর্থ আত্মসাৎসহ দুর্নীতির অভিযোগে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিন নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে শনিবার শ্রীমঙ্গলে পুলিশের সাথে চা শ্রমিকদের ব্যাপক সংঘর্ষ হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2006, 08:34 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

বিক্ষুব্ধ চা শ্রমিকরা তাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা--সিলেট মহাসড়ক অবরোধ করলে, মহাসড়কে চার ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এসময় পুলিশের সাথে বিক্ষুব্ধ চা শ্রমিকদের বেশ কয়েক দফা সংঘর্ষ হয়।

পুলিশ জানায়, চা শ্রমিক ইউনিয়নের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সোনাছড়া চা বাগানের শ্রমিক সিউধনী কুর্মী, শুক্রবার রাতে ছয় জনকে আসামি করে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলার ভিত্তিতে পুলিশ রাত সাড়ে ৮টার দিকে চা শ্রমিক ইউনিয়নের নির্বাহী সভাপতি রাজেন্দ্র প্রসাদ বুনার্জী, সাধারণ সম্পাদক নরেন্দ্র ব্যানার্জী এবং কার্যকরী সভাপতি ভূপেশ সিং রাউতিয়াকে গ্রেপ্তার করে।

তিন নেতাকে গ্রেপ্তারের খবর চা বাগানগুলোতে ছড়িয়ে পড়লে রাজেন্দ্র প্রসাদ নেতৃত্বাধীন শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বেশ কয়েকটি বাগানের শ্রমিকরা কাজ বন্ধ করে দেয়।

নেতৃবৃন্দকে গ্রেপ্তারের প্রতিবাদে চা শ্রমিকরা শনিবার সকাল ১১টা থেকে, শহরের মৌলভীবাজার সড়কে চা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে অবস্থান নিতে থাকে। প্রায় একই সময়ে গ্রেপ্তারকৃতদের বিচারের দাবিতে চা শ্রমিক সংগ্রাম কমিটি শহরের চৌমুহনায় বিক্ষোভ সমাবেশ করে। এ সময় দু’পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে চা শ্রমিক ইউনিয়ন সমর্থকরা ঢাকা--সিলেট মহাসড়ক অবরোধ করলে, মৌলভীবাজারের এএসপি নাসিরুল ইসলামের নেতৃত্বে দাঙ্গা পুলিশ অবরোধকারীদের ওপর ব্যাপক লাঠিচার্জ করে। এসময় পুলিশের লাঠিচার্জে মহিলাসহ কমপক্ষে ৫০ জন চা শ্রমিক আহত হয়।

ঘটনার পর চা শ্রমিক ইউনিয়নের সদর দপ্তরসহ শহরের বিভিন্নস্থানে পুলিশ মোতায়েন করা হয়।

এদিকে বাংলাদেশীয় চা সংসদের চেয়ারম্যান এম ওয়াহিদুল হক সাংবাদিকদের বলেন, চা বাগানগুলোর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।