২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরের চৌগাছায় বিদ্যুতের দাবিতে হাজার হাজার কৃষকের সড়ক অবরোধ

বিদ্যুতের দাবিতে শনিবার হাজার হাজার কৃষক যশোরের চৌগাছায় চারটি স্থানে সড়ক অবরোধ করে রাখে। সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত সড়ক অবরোধের ফলে যানবাহন ও হাজার হাজার যাত্রী আটকা পড়ে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2006, 05:35 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

স্থানীয় এলাকাবাসী জানায়, অবরোধের আগে ৩৬ ঘন্টায় চৌগাছার মানুষ মাত্র দেড় ঘন্টা বিদ্যুৎ ব্যবহারের সুযোগ লাভ করে। এর ফলে তাদের মাঠের ফসল শুকিয়ে মারা যাচ্ছে বলে কৃষকরা অভিযোগ করে।

সকাল সাড়ে ৮টার দিকে কৃষকরা যশোর--চৌগাছা সড়কের সিংহঝুলিতে রাস্তায় ব্যারিকেড তৈরী করে।

পরে স্থানীয় কৃষকরা যশোর-- চৌগাছা সড়কের চৌগাছা বাজার, ছলুয়া এবং চৌগাছা--ঝিকরগাছা সড়কের গরিবপুরে ব্যারিকেড দেয়। কৃষক--জনতা এসব স্থানে টায়ার জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দিলে প্রচুর বাস, ট্রাক, টেম্পু, রিকসা-- ভ্যান আটকা পড়ে।

এলাকাবাসীরা জানায়, অবরোধ শুরুর পরপরই ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়।

বেলা ১টার দিকে উপজেলা বিএনপির সভাপতি জহুরুল ইসলাম এবং  উপজেলা প্রশাসনের কর্মকর্তারা আশ্বাস দেন যে, এলাকাবাসী বিদ্যুতের ন্যায্য হিস্যা পাবে। তাদের এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে কৃষক- জনতা অবরোধ প্রত্যাহার করে নেয়। তবে তারা এ হুমকিও প্রদান করে যে, আশ্বাস বাস্তবায়ন না হলে রোব্বার সকাল থেকে ফের তারা অবরোধ কার্যক্রম শুরু করবে।