কুষ্টিয়ায় ৩ ছাত্রলীগ নেতা কর্মীকে জবাই করে ও কুপিয়ে হত্যা
কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের নওদা ফজলপুর গ্রামের ফোরদি পুকুর মাঠে শনিবার সকালে সন্ত্রাসীরা বাড়ি থেকে ডেকে নিয়ে জবাই করে ও কুপিয়ে তিন ছাত্রলীগ নেতা কর্মীকে হত্যা করেছে।
নিহতরা হল- আমলা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সহ - সভাপতি খান আনোয়ার হোসেন জীবন (৩২), সদরপুর ইউনিয়ন ছাত্রলীগের কর্মী মিজানুর রহমান ওরফে মজনু ওরফে ভদো (২৮) এবং লিটন আলী (২৬)। তিনজনের বাড়িই সদরপুর ইউনিয়নের নওদা আজমপুর গ্রামে এবং তারা তিনজনই ঘনিষ্ঠ বন্ধু।
নিহতদের পারিবারিক সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে জীবনের সেল ফোনে ফোন করে তিনজনকে সন্ত্রাসীরা কৌশলে ডেকে নিয়ে যায়। সারা রাত তারা বাড়ি না ফিরলে অনেক খোঁজুখুঁজির পর শনিবার সকালে ফোরদি পুকুর মাঠের ক্যানেলের কাছে তিনজনের ক্ষত বিক্ষত লাশ পাওয়া যায়।
নিহত তিনজনের মধ্যে জীবন ও মজনুকে জবাই করে এবং লিটনকে কুপিয়ে হত্যা করা হয়।
সকালে এখবর ছড়িয়ে পড়লে নিহতদের আত্মীয় স্বজন ও আশেপাশের গ্রামের কয়েকশ’ লোক ওই মাঠে ভিড় জমায়।
সকাল ১০টায় মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
এলাকাবাসীর ধারণা ঠিকাদারী কাজে বিরোধের জের ধরে তাদেরকে হত্যা করা হতে পারে।
আবার কেউ কেউ মনে করছেন এটি রাজনৈতিক হত্যাকাণ্ডও হতে পারে।
তবে পুলিশ বলছে, তারা ঘটনাটি তদন্ত করে দেখছেন।
