২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপ - আমেরিকায় ইসলামকে খাটো করার চেষ্টা চলছে: অমর্ত্য সেন

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেন বলেছেন, ইউরোপ ও আমেরিকায় পবিত্র ইসলাম ধর্মকে খাটো করার চেষ্টা করা হচ্ছে। কিছু বিচ্ছিন্ন ঘটনাকে উস্কে দিয়ে ইসলাম যে শান্তি ও সম্প্রিতির ধর্ম এমন ধারণাকে উল্টে দেওয়া হচ্ছে। এমন প্রচার চলতে থাকলে, ভবিষ্যতে বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতি মারাত্মক ধাক্কা খাবে। নিজের লেখা ’আইডেনটিটি অ্যান্ড ভায়োলেন্স : দ্যা ইল্যুশন’ বইয়ের কলকাতা সংস্করণ উদ্বোধন করতে এসে তিনি এ কথাগুলো বলেন। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সুব্রত আচার্য্য, কলকাতা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2006, 08:35 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

দক্ষিণ কলকাতার একটি অভিজাত বইয়ের দোকানে বৃহস্পতিবার সন্ধ্যায় অমর্ত্য সেনের সদ্য প্রকাশিত ওই বইয়ের উদ্বোধন অনুষ্ঠানে লেখক ছাড়াও উপস্থিত ছিলেন ছোট পর্দার অভিনেত্রী নন্দিতা দাস।

অমর্ত্য সেন তার সংক্ষিপ্ত ভাষণে সাম্প্রতিক সময়ের বেশ কিছু হিংসা - দাঙ্গার কথা উল্লেখ করে বলেন, মুসলিম ধর্মের শান্তি শৃঙ্খলার কথা উল্লেখ না করে, ইউরোপ আমেরিকায় উল্টো প্রচার চালানো হচ্ছে। ইসলামকে খাটো করার চক্রান্ত শুরু হয়েছে। এটা দুঃখজনক।

অমর্ত্য সেন তার ‘আইডেনটিটি অ্যান্ড ভায়োলেন্স: দ্যা ইল্যুশন’ বইতে ইসলাম ধর্মের শান্তির রূপ এবং সম্প্রীতি চর্চা, মুসলিম নারী সমাজের কথাসহ ইসলামের সুদুর অতীত থেকে বর্তমান রূপের কথা বলেছেন।

অমর্ত্য সেন স্পষ্ট করে বলেন, কোনো ধর্মকে খাটো করে নিজের ধর্মকে কেউ বড় করতে পারেন না। উদার দৃষ্টিভঙ্গিই পারে বিশ্বের অর্থনীতির বিকাশ ঘটাতে। এ মতের উল্টো হলে ফলাফল কোনো ধর্মের মানুষের জন্যেই সুখকর হবে না বলে তিনি ভবিষ্যদ্বাণী করেন।

অর্মত্য সেনের সদ্য প্রকাশিত ওই বইতে ‘আত্মপরিচয়ের সঙ্কটের’ কারণেই বিশ্বজুড়ে হিংসা হানাহানি চলছে এমন কথাই তিনি বোঝাতে চেয়েছেন।

অ্যাডভাইজরি: বইয়ের নাম হবে ’আইডেনটিটি অ্যান্ড ভায়োলেন্স : দ্যা ইল্যুশন’