কুমিল্লায় ৩ জেএমবি সদস্যের আরো ১০ দিনের রিমান্ড
কুমিল্লায় নিষিদ্ধঘোষিত জেএমবি’র বোমা বিশেষজ্ঞ আলমগীর হোসেন, মোস্তাফিজুর রহমান ও জেলা কমান্ডার রঙ্গিলা সোহেলকে দ্বিতীয় দফায় ১০ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
কুমিল্লার ১নং আমলী আদালতের বিজ্ঞ বিচারক শফিউল আজিম বৃহস্পতিবার এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগেও তাদের নয় দিনের রিমান্ডে নেয়া হয়েছিল।
মামলার তদন্তকারী কর্মকর্তারা ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এরপর কড়া পুলিশি নিরাপত্তায় তিন জঙ্গি নেতাকে কোতোয়ালী থানায় নিয়ে যাওয়া হয়।
গত ১৩ মার্চ র্যাব ও পুলিশ কুমিল্লা শহরের কালিয়াজুরী ও বিষ্ণপুরের জঙ্গিদের ভাড়া করা দুটি বাড়ি থেকে রঙ্গক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়ে তাদের গ্রেপ্তার করে।
এদিকে বৃহস্পতিবার কুমিল্লা হাজতে শায়খ পুত্র নাবিলকে হাজির করার কথা থাকলেও অসুস্থতার কারণে তাকে এখনো আদালতে হাজির করা হয়নি। তবে বিষ্ণপুর এলাকা থেকে গ্রেপ্তারকৃত দুই শিশুপুত্রসহ জেএমবি সদস্য খালেদা আক্তার রানীকে কুমিল্লা জেলা হাজতে পাঠানো হয়েছে।
