ডেমরায় গ্যাস কূপ আবিস্কারের গুজব, হাজার মানুষের ভীড়
গ্যাস কূপ আবিস্কারের গুজবে বুধবার হাজার হাজার উৎসুক মানুষ রাজধানীর ডেমরার এক জলাভূমি এলাকায় ভীড় জমায়।
জনতার ঢল রোধ করতে সেখানে বিপুল পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। এক পর্যায়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা সেখানে ছুটে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডেমরার আদর্শপাড়া মসজিদের কাছে একটি জলাভূমিতে বুদবুদ উঠতে দেখে আস্তে আস্তে লোকজন গ্যাস পাওয়া গেছে মনে করে ভীড় করতে শুরু করে। অনেকে তা পরীক্ষা করার জন্যে আগুন ধরানোর চেষ্টা করে। এরপর থেকে নগরীতে ছড়িয়ে পড়ে গুজব।
স্থানীয় লোকজনের ধারণা সেখানে গ্যাস অথবা তেলের কূপ থাকতে পারে। স্থানীয়রা জানান, এটি আসলে তেল অথবা গ্যাসের কূপ কিনা তা পরীক্ষা করার জন্যে পেট্রোবাংলার কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।
