ঢাকায় খুন হয়েছেন একজন প্রবাসী বাংলাদেশী
নগরীর পল্লবীতে বুধবার দুপুরে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে লন্ডন প্রবাসী এক বাংলাদেশী খুন হয়েছেন।
নিহতের নাম কলিম উদ্দিন (৩৮)। তিনি সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার গাজীর গ্রামের হাসান মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা দেড়টার দিকে মিরপুর- ১১ এর ওয়ান ব্যাংকের সামনে দাঁড়িয়ে থাকার অবস্থায় তাকে গুলি করে হত্যা করা হয়।
পল্লবী পুলিশ জানায়, তিনি লন্ডন প্রবাসী ছিলেন। সাবেক স্ত্রী লাকির সাথে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে পুলিশ জানায়।
এদিকে লালবাগ থানাধীন বকশিবাজার এলাকায় বোমা বিস্ফোরণে দুজন আহত হয়েছে।
আহতরা হল- মোখলেসুর রহমান (৩২) এবং জিয়াদুদ্দিন (২৫)। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
