১০ দিনের রিমাণ্ডে বাংলা ভাই
নিষিদ্ধ ঘোষিত জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ এর সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইকে মঙ্গলবার ১০ দিনের রিমাণ্ডে নেওয়া হয়েছে।
৬ মার্চ মুক্তাগাছা থেকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিন এক রক্তক্ষয়ী অভিযানের মধ্য দিয়ে গুরুতর আহত অবস্থায় বাংলাভাইকে গ্রেপ্তারের ২০ দিন পর ময়মনসিংহ আদালত এই রিমাণ্ডের আদেশ দেন।
গ্রেপ্তারের পর হেলিকপ্টার যোগে তাকে ঢাকা আনা হয় এবং বিডিআর হাসপাতালে গত ২০ দিন তার চিকিৎসা চলে।
র্যাবের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে বাংলা ভাইকে ময়মনসিংহ আদালতে নেয়া হলে বেলা পৌনে ১২টায় আদালত এই রায় দেন। গোয়েন্দা বিভাগের সাব ইন্সপেক্টর ১০ দিনের রিমাণ্ডের আবেদন করলে ম্যাজিষ্ট্রেট আতিকুর রহমান তার আবেদন মঞ্জুর করেন।
রিমাণ্ড মঞ্জুরের পর বাংলা ভাইকে ঢাকা আনা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত টাস্কফোর্স ইন্টালিজেন্স (টিএফআই) এর একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করবে।
এই শুনানিতে বাংলা ভাইয়ের পক্ষে কোন আইনজীবী অবস্থান নেননি। বরং এসময় তারা আদালতের ভেতরে বাইরে ধংসাত্মক কর্মকাণ্ডের জন্যে বাংলা ভাইয়ের মৃত্যুদণ্ড দাবি করে বিক্ষোভ দেখান। আইনজীবীরা এ সময় তার বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন।
মুক্তাগাছা অপারেশনের আগে ময়মনসিংহের আরকে মিশন রোডের একটি বাড়ি থেকে বাংলা ভাই’র স্ত্রী ও তার ছেলে সাদ ইবনে সিদ্দিককে গ্রেপ্তার করা হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ২ মার্চ জেএমবি’র শীর্ষ নেতা শেখ আবদুর রহমানকে, ২৮ ফেব্র“য়ারি জেএমবি মজলিশ-ই-সুরা সদস্য হাফেজ মাহমুদ ওরফে রকিব হাসানকে, ১৪ ডিসেম্বর জেএমবি কমাণ্ডার আতাউর রহমান সানিকে, এবং ১৮ নভেম্বর আবদুল আউয়ালকে গ্রেপ্তার করে।
