সাভারে অগ্নিদগ্ধ হয়ে ট্যাক্সিক্যাবের ৪ আরোহী নিহত
সাভারের বলিয়ারপুরে ভাকুর্তা ব্রিজের কাছে ঢাকা-আরিচা মহাসড়কে রোববার ভোরে এক সড়ক দুর্ঘটনায় একটি ট্যাক্সিক্যাবে আগুন ধরে গেলে এর চালক ও তিনজন যাত্রীর সবাই নিহত হয়।
নিহতরা হল: গাড়ির চালক আলী হোসেন, শামীম হোসেন, আয়নাল ও লিটন।
পুলিশ জানায়, আমিনবাজার থেকে ছেড়ে আসা সাভারগামী মাটিভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-১৯২৮) সাভার থেকে ছেড়ে আসা ক্যাব বাংলার একটি ট্যাক্সিক্যাবকে ধাক্কা দিলে ক্যাবের গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। এতে তিন যাত্রী ও ক্যাবচালক অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
খবর পেয়ে সাভার দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। নিহত যাত্রীদের শরীর পুড়ে বিকৃত হয়ে যাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে।
সন্ধ্যার দিকে ক্যাবের মালিকের খোঁজ পাওয়া যায়। শুক্রবার ট্যাক্সিক্যাবের মালিক সেটি ২/১ বড় মগবাজারের একটি গ্যারেজে দেয়।
শনিবার রাতে গ্যারেজ থেকে ক্যাবটি নিয়ে চালক আলী হোসেন ও গ্যারেজের তিন শ্রমিক শামীম, আয়নাল ও লিটন পরীক্ষা করার জন্যে রাস্তায় নামায়। পরে রাতে সাভারে মর্মান্তিক ওই ঘটনা ঘটে।
ট্যাক্সিক্যাবটির মালিক মাসুম আহমেদ রোববার সকালে গ্যারেজে তার গাড়ি না দেখে মিরপুর থানায় একটি জিডি করেন। পরে সে জানতে পারে দুর্ঘটনাকবলিত ট্যাক্সিক্যাবটিই তার।
গাড়িটির নম্বর ঢাকা মেট্রো প ১১ - ৩৩৩৪।
এ ব্যাপারে সাভার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যেতে সক্ষম হয়।
