বিএসটিআই’র পরীক্ষাগারে নষ্ট হচ্ছে দ্রব্যসামগ্রী
বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টটিং ইন্সস্টিটিউটের (বিএসটিআই) ক্যামিকেল উইং এর রাসায়নিক পরীক্ষাগারের খাদ্যপণ্য রাখার নির্দিষ্ট কোনো রুম না থাকায় পরীক্ষার আগেই নষ্ট হয়ে যাচ্ছে দ্রব্যসামগ্রী।
সরোজমিন ঘুরে দেখা যায়, বিএসটিআই এর জারী শাখার মেঝেতে শত শত পণ্যসামগ্রী পরীক্ষার অপেক্ষায় দিনের পর দিন পড়ে রয়েছে।
বিএসটিআইতে পর্যাপ্ত রুম থাকার পরও খাদ্যপণ্য সামগ্রীর সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় কর্তৃপক্ষের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে।
সায়েন্স ল্যাবরেটরিসহ বিভিন্ন রাসায়নিক পরীক্ষাগারে এধরনের দ্রব্য সামগ্রী সংরক্ষণের ব্যবস্থা থাকলেও বিএসটিআই তেমন কোনও ব্যবস্থা গ্রহণ করেনি।
সুত্র জানায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসিনতা এবং কর্তব্য অবহেলার কারণে সঠিক সময়ে দ্রব্য সামগ্রী পরীক্ষা করা হয় না। এর ফলে দ্রব্য সামগ্রী জমা হতে থাকে ও পুরোনো সামগ্রী নষ্ট হয়ে যায়।
এদিকে ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, সংগৃহীত দ্রব্যসামগ্রী যথাসময়ে পরীক্ষা না করায় তাদের কখনো কখনো মিথ্যা হয়রানির স্বীকার হতে হয়।
কর্মকর্তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে অতিরিক্ত অর্থ আদায় করেন বলে অভিযোগ করেন তারা।
এব্যাপারে সংশ্লিস্ট শাখার পরিচালকের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজী হননি।
