উচ্ছেদকৃত বস্তিবাসীদের সাথে পুলিশের সংঘর্ষ, আহত ৪০
নগরীর ডেমরার ধলপুরে বস্তি উচ্ছেদের প্রতিবাদে উচ্ছেদকৃত বস্তিবাসীদের বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জে কমপক্ষে ৪০ জন আহত হয়েছে।
আদালতের আদেশ অমান্য করে ঢাকা সিটি কর্পোরেশন ও পুলিশ বৃহস্পতিবার বস্তিটি গুড়িয়ে দেয়।
পুলিশ চারজন বিক্ষোভকারীকে আটক করেছে। আটককৃতরা হল- আব্দুল হাকিম (৫৫), ইমদাদুল হক (২২), গোফরান গাজী (৩৮) এবং মোসলেম তালুকদার (৪৮)।
বৃহস্পতিবার বস্তি উচ্ছেদের পর থেকে প্রায় ১০ হাজার লোক এখন খোলা আকাশের নিচে দিনযাপন করছে। উচ্ছেদকৃত বস্তির আশেপাশে তারা অবস্থান করছেন।
শনিবার আওয়ামী লীগ নেতা মতিয়া চৌধুরী, সাবের হোসেন চৌধুরী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া শনিবার উচ্ছেদকৃতদের দুর্দশা দেখতে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ নেতারা সেখানে গেলে বিক্ষুব্ধ বস্তিবাসী মিছিল বের করে। এসময় পুলিশ বস্তিবাসীদের ওপর লাঠিচার্জ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
সংঘর্ষের সময় পুলিশ এলোপাথাড়ি লাঠিচার্জ করে। বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
এব্যাপারে ডেমরা থানার এসআই মোহাম্মদ ইউনুস বলেন, পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হলে পুলিশ লাঠিচার্জ করে।
একটি সূত্র জানায়, আদালতের স্থগিতাদেশ অমান্য করে ঢাকা সিটি কর্পোরেশন পুলিশ দিয়ে বঙ্গবন্ধু বস্তি হিসেবে পরিচিত ধলপুর আদর্শ বস্তি উচ্ছেদ করে।
বস্তি উচ্ছেদের সময় পুলিশ ও স্থানীয় মাস্তানদের হামলায় কমপক্ষে ৫০ বস্তিবাসী আহত হয়।
