খালেদা - মনমোহন বৈঠকে নিরাপত্তা ও বাণিজ্য হবে মূল এজেন্ডা
প্রধানমন্ত্রী খালেদা জিয়া সোমবার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে নতুন দিলি¬র উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। মনমোহনের সাথে খালেদা জিয়ার বৈঠকে নিরাপত্তা ও বাণিজ্য ইস্যুই হবে মূল এজেন্ডা।
বাংলাদেশের পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিন বিডিনিউজকে বলেন, সফরের সব কিছুই প্রস্তুত। আমাদের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ভারত প্রস্তুত। উভয় দেশই এ সফরকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।
সফরের বিভিন্ন বিষয়ে খুটিনাটি নিয়ে আলোচনা করে পররাষ্ট্র সচিব শুক্রবার দিল্লি সফর শেষে দেশে ফিরেছেন।
তিনি বলেন, তিনি এবং ভারতের পরাষ্ট্র সচিব শ্যাম শরণ বৈঠক করেছেন। তারা উভয়ই দুই প্রধানমন্ত্রীর বৈঠকের ইতিবাচক ফলাফলের ব্যাপারে আশাবাদী।
তিনি বলেন, উভয় দেশই বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করবে।
হেমায়েত উদ্দিন বলেন, ২১ মার্চ দুই প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে উভয় দেশই দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে।
সূত্র জানায়, দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলেও বাণিজ্য ও নিরাপত্তা ইস্যুই মূল এজেন্ডা হিসেবে আলোচিত হবে।
পররাষ্ট্র সচিব বলেন, প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইতিবাচক ও খোলা মন নিয়ে দিল্লি যাচ্ছেন। তিনি ভারতের প্রধানমন্ত্রীর সাথে সরাসরি ও স্পষ্টভাবে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করবেন।
দীর্ঘদিনের বিভিন্ন ইস্যু যেমন বাণিজ্য ঘাটতি, অভিন্ন পানি বিনিময় এবং সীমান্তে শান্তি বজায় রাখার ক্ষেত্রে ইতিবাচক নির্দেশ দেবে বলে ঢাকা আশা করছে।
ভারতীয় নেতৃত্ব টিপাইমুখ বাধ প্রকল্পের মত কোনো প্রকল্প হাতে নেবে না বলে আশ্বাস দেবে বলে আশা করছে বাংলাদেশী কর্মকর্তারা।
বৈঠককালে দুদেশের মধ্যে দুই বিলিয়ন মার্কিন ডলার বাণিজ্য ঘাটতির বিষয়টি আলোচনায় প্রাধান্য পাবে।
এর আগে পররাষ্ট্র মন্ত্রী এম মের্শেদ খান সাংবাদিকদের বলেন, একটি বড় অর্থনীতির দেশ হিসেবে ভারতের বাজারে বাংলাদেশী পণ্য প্রবেশে অশুল্ক ও প্রতিশুল্ক বাধা উঠিয়ে ভারত বাস্তবসম্মত ব্যবস্থা নিতে পারে।
বৈঠককালে সীমান্তে বিএসএফ কর্তৃক নিরীহ বাংলাদেশীদের হত্যার কথাও তুলতে পারেন।
অধিকারের জরিপ অনুযায়ী ২০০০ সালের ১ জানুয়ারি থেকে ২০০৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিএসএফ এর হাতে ৪৬১ বাংলাদেশী ও ভারতীয় সন্ত্রাসীদের হাতে ৫১৯ জন নিহত হয়েছে।
বিএসএফ ৪৯৩জনকে গ্রেপ্তার ও ৫৪০জনকে অপহরণ করেছে। আট শিশু নিখোঁজ হয়েছে এবং আরো আট শিশু ভারতীয় সীমান্তরক্ষীদের দ্বারা ধর্ষিত হয়েছে।
দুই দেশের প্রধানমন্ত্রীর আলোচনাকালে সড়ক, রেল ও বিমান যোগাযোগের বিষয় উঠে আসতে পারে। তবে বাংলাদেশ শিয়ালদাহ থেকে গাজীপুর পর্যন্ত রেল যোগাযোগের ব্যাপারে বিবেচনা করছে।
এছাড়া বাংলাদেশ ঢাকা - সিলেট - শিলং - গৌহাটি রুটে বাস চলাচলের ব্যাপারে রাজি হতে পারে।
প্রধানমন্ত্রীর এই সফরে বাণিজ্য, দ্বৈত কর পরিহার ও বিনিয়োগ রক্ষা সংক্রান্ত তিনটি চুক্তি স্বাক্ষর হবে বলে ঢাকা আশা করছে।
সফরে প্রধানমন্ত্রীর সাথে থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান, পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান ও পররাষ্ট্র উপদেষ্টা রিয়াজ রহমান।
খালেদা জিয়া ৪৮ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
