গাজীপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫জনসহ নিহত ৭
ঢাকা - টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর থানার হিজলতলিতে শুক্রবার ভোরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনসহ সাতজন নিহত হয়েছে।
নিহতরা হল- রিপন (১৮), রুমা (২২), লাল মিয়া (৪২), হাকিম উদ্দিন (৫০), আন্না বেগম (৬০), মামুন (২১) ও সুমন (১৮)। নিহতদের মধ্যে প্রথম পাঁচজন একই পরিবারের সদস্য এবং বাকি দুজন মাইক্রোবাসের চালক ও তার সহকারী।
এঘটনায় আহত হয়েছে আরো দুজন। নিহতদের সকলের বাড়ি টাঙ্গাইলের বাসাইল উপজেলায়।
পুলিশ ও নিহতদের পারিবারিক সূত্র জানায়, সৌদি প্রবাসী তোতা মিয়াকে আনতে তার আত্মীয় স্বজনরা ভোর ৪টায় মাইক্রোবাসে করে বাসাইল থেকে রওয়ানা দেয়। ভোর ৬টার দিকে হিজলতলি এলাকার শিলাবৃষ্টি ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন, কুমুদিনী হাসপাতালে নেয়ার পথে একজন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে নিহতদের আত্মীয় স্বজন ঘটনাস্থলে ছুটে আসেন। দুপুরে যথাযথ অনুমতি নিয়ে ময়না তদন্ত ছাড়াই নিহতদের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
