২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাচোলের আদিবাসীরা এখন অনেক বেশি সচেতন: হামের টিকা নিয়েছে প্রায় সকল শিশু

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে প্রায় প্রায় ৩০ কিঃমিঃ দূরে রুক্ষ কঠিন লাল মাটি দিয়ে গড়া বরেন্দ্রভূমির একটি জনপদের নাম নাচোল। এখানকার কর্মঠ ও সরল মনের আদিবাসীরা কিছুদিন আগেও ফসল উৎপাদন ছাড়া কিছু না জানলেও এবং না বুঝলেও এখন চিত্র ভিন্ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রবিউল হাসান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2006, 12:35 AM

Updated : 26 Apr 2022, 03:30 PM

সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষের যেভারে শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতা স্পর্শ করেছে ঠিক সেভাবে না হলেও আদিবাসী সম্প্রদায়ের এই তামাটে মানুষগুলো এখন অনেক সচেতন। চরম দারিদ্রতা সত্ত্বেও তাদের ছেলে - মেয়েরা এখন স্কুলে যায়।

সন্তানের স্বাস্থ্য ভবিষ্যৎ নিয়েও তারা সচেতন।

নাচোলের মিরপুর সাহানাপাড়ার মাইকেল হেমরনের দু’ মেয়ে সাগরিকা (১) ও বৃষ্টি (৪), ঝিকরার গোপালের মেয়ে সাবিনা (৭), পিরপুরের রূপেন সবেনের দু’ ছেলে প্রবির সবেন (দেড়) ও রুবেল সরেন (৫), একই গ্রামের গণেশ মুর্মুর ছেলে থিও টনিয়া (এক বছর তিন মাস), বিগ্রাম সাহানা পুরের বিধবা স্বরস্বতির দু’ ছেলে সুভাষ (৩) ও রুবেল (৫), মহানইল ভাসদা গ্রামের সিলিপ হেমরমের মেয়ে বর্ণালী (৩), একই গ্রামের জুয়েল মার্ডির ছেলে ম্যাকলেনিয়াস (দেড়), জালমাছকুড়ির পানেসের ছেলে দিলিপ (৫) ও মেয়ে সকালী (১০) এবং নিয়ামতপুরের রূপচান্দ কিসকুর মেয়ে লিলি কিসকু (দেড়) ও গনেশ কিসকুর ছেলে মানিক কিসকু (দেড়) সহ এলাকার সব শিশু সস্তানই হামের টিকা নিয়েছে।

এসব এলাকার শতাধিক পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, তারা সবাই তাদের সন্তানদের টিকা দিয়েছে।

শুধু মাত্র এক জনকে খুঁজে পাওয়া গেলো -- আগর মহানইল গ্রামের মিনতী বাসকীর ছেলে উইলিয়াম হেমরম (এক বছর তিন মাস) -- যে টিকা গ্রহণ করেনি।

মিনতী জানান, সে বাপের বাড়ী নইহরে (বেড়াতে যাওয়া) যাওয়ায় টিকা দেয়া হয়নি। তবে তিনি জানেন, এখনও সময় আছে। শ্বশুড় বাড়ি গিয়ে ছেলেকে টিকা দেবে।

আদিবাসীরা জানিয়েছে, এলাকার লোকের মূখে ও স্বাস্থ্য কেন্দ্রের মাইকে টিকার কথা শুনে তারা নিজ নিজ এলাকার টিকা কেন্দ্রে গিয়ে তাদের সন্তানদের টিকা দিয়েছে।

“হামের টিক্যা না দিলে ম্যালায় রোগ - বালাই হোবে, এমনকি হারঘে ছ্যাল্যা ম্যায়্যা মর‌্যা য্যাতেও পারে,” বললেন সিলিপ হেমরম।

বরেন্দ্র এলাকায় কর্মরত বেসরকারি সংস্থা বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের কর্মকর্তা তোতা জানান, আগের  চেয়ে এলাকার মানুষ এখন অনেক সচেতন।

তাদের কাছে রিপোর্ট অনুযায়ী ১৪ মার্চ পর্যন্ত ৮০ ভাগ মানুষ তাদের সন্তানদের টিকা দিয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস সূত্র জানিয়েছে, এবার নাচোল উপজেলায় ১ লাখ ৩৬ হাজার ২ শ ৮২ জন জনগোষ্ঠির বিপরীতে ৯ মাস থেকে ১০ বছর বয়সী ৩৩ হাজার ৮ শ ৩০ জন শিশুকে টিকা দেযার লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছিলো।

কর্মকর্তারা জানান, লক্ষ্যমাত্রার অর্জন অত্যন্ত সন্তোষজনক।