বাপ্পী হত্যা মামলায় হাইকোর্টে ২ জনের ফাঁসির আদেশ বহাল রেখে তিন জনকে যাবজ্জীবন
চাঞ্চল্যকর রুবায়েত আহমেদ (বাপ্পী) হত্যা মামলায় বৃহস্পতিবার হাইকোর্ট পাঁচ আসামীর মধ্যে দুই জনের ফাঁসির আদেশ বহাল রেখে বাকি তিন জনকে যাবজীবন কারাদন্ড দিয়েছেন, বিচার আদালতের রায়ে পাঁচ আসামীর সবাইকে মৃত্যুদন্ডাদেশ দেয়া হয়েছিলো।
মামলার ডেথ রেফারেন্সে দীর্ঘ শুনানীর পর বিচারপতি শিকদার মকবুল হক ও বিচারপতি নির্মেলন্দু ধর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
মামলার রায়ে আসামী শহিদুল ইসলাম শিপন ও সঞ্জিত সরকারের বিরুদ্ধে বাপ্পীকে অপহরণের পর হত্যার অভিযোগ প্রমানিত হওয়ায়, বিচার আদালতের দেওয়া ফাঁসির আদেশ বহাল রাখা হয়।
বাপ্পী হত্যার সাথে সংশ্লিষ্টতা প্রমানিত হওয়ায়, বিচার আদালতে মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত শংকর রাজবংশী, শরিফুল ইসলাম বাদল এবং রিপন কুমার রায়কে হাইকোর্ট যাবজ্জীবন কারাদন্ড দেয়।
নগরীর কোতায়লী থানার বোঁচারাম দেওড়ী এলাকার আলফু মিয়ার পুত্র তৃতীয় শ্রেনীর ছাত্র রুবায়েত আহমেদ বাপ্পীকে ২০০২ সালের ৫ আগস্ট হত্যা করা হয়।
তার পরিবারের সদস্যদের সাথে দ্বন্দের জের ধরে আসামীরা বাপ্পীকে অপহরণের পর ২০ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। কিন্তু টাকা দিতে ব্যার্থ হওয়ায় নৌকাযোগে শীতলক্ষা নদীতে নিয়ে তাকে হত্যা করা হয়।
ঘটনার পরদিন ৬ আগস্ট বাপ্পীর পিতা আলফু মিয়া বাদী হয়ে কোতয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন।
