শেরপুরে আত্মঘাতী জঙ্গি সন্দেহে আটক সাঈদ মাহমুদ সুমন ৪ দিনের পুলিশ রিমাণ্ডে
শেরপুরে জেএমবি’র আত্মঘাতি জঙ্গি সন্দেহে আটক সাঈদ মাহমুদ সুমনকে (২৮) সদর থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমাণ্ডে নিয়েছে।
বৃহস্পতিবার বিকালে জঙ্গি সুমনকে শেরপুরের ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে পুলিশ সাত দিনের রিমাণ্ডের আবেদন করলে প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট সুরাইয়া বেগম শুনানি শেষে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ বুধবার ভোররাতে সাঈদ মাহমুদ সুমনকে তার নিজ বাড়ি থেকে ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করে। সুমন শেরপুর পৌরসভা নাগপাড়া শিববাড়ি মহল্লার বাসিন্দা ব্যাংক কর্মকর্তা তৈয়ব আলীর পুত্র।
সুমনের বাসায় নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র এহসার সদস্য ও জেএমবি’র সদস্যদের আসা যাওয়া ছিল বলে পুলিশ জানায়।
এদিকে, শেরপুরে ১৭ আগস্ট বোমা হামলার মূল নায়ক জেএমবি’র এহসার সদস্য এবং জেলার দায়িত্বপ্রাপ্ত সামরিক কমাণ্ডার মোজাহিদুল ইসলাম সুমনকে দশ দিনের রিমাণ্ডে নিয়ে ডিবি পুলিশ বুধবার থেকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে। ডিবির জিজ্ঞাসাবাদে সুমন অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে তবে তদন্তের সার্থে ডিবি পুলিশ সেগুলো এখন প্রকাশ করছেনা।
