২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্রগ্রামে রহস্যজনক গার্মেন্টস ডাকাতি, ৬০ লাখ টাকা লুট

বন্দর নগরীর নাসিরাবাদ শিল্প এলাকায় বৃহস্পতিবার ভোরে একটি গার্মেন্টস কারখানায় দুর্ধর্ষ ডাকাতিতে প্রায় ৬০ লাখ টাকা লুট হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2006, 08:21 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

‘চৌধুরী অ্যাপারেলস’ নামের গার্মেন্টসটির কর্তৃপক্ষ অভিযোগ করেছে, এটা ডাকাতির ঘটনা হলেও পুরো বিষয়টি রহস্যজনক, কারণ ঘটনার পর প্রতিষ্ঠানের চারজন নিরাপত্তা কর্মীর মধ্যে দুইজনকে অচেতন অবস্থায় পাওয়া গেছে এবং অপর দুইজন ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছে।

ইউনূস চৌধুরীর মালিকানাধীন গার্মেন্টসের কর্মীরা সকালে কাজ করতে এসে কারখানার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী দুইজনকে অচেতন অবস্থায় প্রধান ফটকের কাছে পড়ে থাকতে দেখে। পেছনের জানালার গ্রিল কেটে হিসাব শাখায় প্রবেশ করে ডাকাতরা সিন্দুক ভেঙ্গে ৫০ লাখ টাকা লুট করে।

খবর পেয়ে বায়েজীদ বোস্তামী থানা পুলিশের একটি দল কারখানায় উপস্থিত হয়।

গার্মেন্টস কর্তৃপক্ষ পুলিশকে জানায়, শ্রমিকদের বেতন দেওয়ার জন্য বুধবার ব্যাংক থেকে টাকা তুলে সিন্দুকে রাখা হয় এবং বৃহস্পতিবার তা শ্রমিকদের মাঝে বিতরণের কথা ছিল।

পুলিশ ডাকাতির ঘটনাকে রহস্যজনক বলে উল্লেখ করেছে।

পুলিশ জানায়, এ ঘটনায় কারখানার ব্যাবস্থাপনা পরিচালক রফিক চৌধুরী বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে এবং চিকিৎসাধীন দুই নিরাপত্তা প্রহরীকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।