২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় সালাহউদ্দিনকে ধরতে র‌্যাবের অভিযান, শেরপুরে জেএমবি’র জেলা কমান্ডারসহ গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাব ও পুলিশ জেএমবি’র শীর্ষ নেতা সালাহউদ্দিনকে গ্রেপ্তারের জন্যে বুধবার চার ঘণ্টা ধরে তল্লাশী অভিযান চালায়। এ অভিযানে র‌্যাব ও পুলিশ তিন জেএমবির সদস্যকে আটক করে। পরে সন্ধ্যা ৭টার দিকে দিকে জেএমবির একজন আঞ্চলিক কমান্ডারকে গ্রেপ্তার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2006, 08:23 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

এছাড়া শেরপুরে সিরিজ বোমা হামলার আসামী ও জেলার দায়িত্বপ্রাপ্ত জেএমবি’র সামরিক কমান্ডারসহ দুই সদস্যকে পুলিশ বুধবার গ্রেপ্তার করেছে।   

বিডিনিউজ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, শহরের কাজিপাড়ায় মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা সালাহউদ্দিন অবস্থান করছে, এ সংবাদের ভিত্তিতে র‌্যাব ও পুলিশ বুধবার ভোর রাত ৩টা থেকে সকাল ৭টা পর্যন্ত তল্লাশী অভিযান চালায়। পরে সন্ধ্যা ৭টায় জেএমবি’র আঞ্চলিক কমান্ডার সুমনকে র‌্যাব সদস্যরা গ্রেপ্তার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, র‌্যাব ৯ এর অধিনায়কের নেতৃত্বে সদর থানা ও ডিবি পুলিশ জঙ্গি নেতা সালাহউদ্দিন, রিপন ও শিপনকে খুঁজতে বাড়ি বাড়ি তল¬াশী চালায়। এ সময় র‌্যাবের সাথে ছিল ঢাকার পল্টন থেকে গ্রেপ্তার হওয়া সাব্বির আহমেদ দুলাল।

অভিযানকালে র‌্যাব তিন জেএমবি সদস্যকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো- জেএমবির আঞ্চলিক কমান্ডার সুমন, সদর উপজেলার মোহাম্মদপুর গ্রামের আমির হোসেনের ছেলে আলমগীর (২৮), আখাউড়া উপজেলার ঘোলখার গ্রামের এস.এম.আলমের ছেলে সোহেল (২৫) এবং শহরের ভাদুঘরের আবু জহিরের ছেলে আরাফাত (২৬)। গ্রেপ্তারকৃতরা ১৭ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ায় বোমা হামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এদের মধ্যে সোহেলের মাধ্যমে ১৭ আগস্ট শহরে বোমা হামলার জন্যে জেএমবি কর্তৃপক্ষ অর্থ সরবরাহ করে বলে তারা জিজ্ঞাসাবাদে জানায়।

এছাড়া শহরের কান্দিরপাড় এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্যে র‌্যাব এসময় সুকুমার রায় নামে এক জ্যোতিষিকে আটক করে।

পুলিশের একটি সূত্র জানায়, জঙ্গি নেতা সালাউদ্দিন ব্রাহ্মবাড়িয়াতে অবস্থান করছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। তাকে গ্রেপ্তার করতে ব্রাহ্মনবাড়িয়া শহরের সবগুলো প্রবেশ পথে নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছে।

বিডিনিউজ শেরপুর প্রতিনিধি জানান, জেএমবি’র শেরপুর জেলার সামরিক কমান্ডার ও এহসার সদস্য মোজাহিদুল ইসলাম ওরফে সুমনকে (৩০) নকলা উপজেলার গৌরদ্বার এলাকা থেকে ও শেরপুর পৌরসভার নাগপাড়া গ্রাম থেকে আত্মঘাতী সদস্য আবু সাঈদ ওরফে সুমনকে (২৮) ডিবি পুলিশ বুধবার ভোরে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত দুই জঙ্গিকে শেরপুর সদর থানায় পুলিশ ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে।