বাগেরহাট বিসিকে অনুমোদনহীন কারখানার বয়লার বিস্ফোরণে আহত ১২
বাগেরহাট বিসিক শিল্প এলাকায় বুধবার দুপুরে সদ্য স্থাপিত একটি নারকেলের ছোবড়া প্রক্রিয়াকরণ কারখানায় বয়লার বিস্ফোরণে মহিলা ও শিশুসহ কমপক্ষে ১২ জন শ্রমিক আহত হয়েছে।
পরীক্ষামূলকভাবে কারখানার বয়লার চালু করতে গেলে এই দুর্ঘটনা ঘটে। প্রায় ৫ টন ওজনের বয়লারটি বিস্ফোরিত হয়ে ছিটকে অন্তত তিনশ গজ দূরে অবস্থিত একটি নারকেল তেল কারখানার ওপর পড়ে। আহতদের বেশীরভাগই ওই নারকেল তেল কারখানার শ্রমিক। এদের মধ্যে ছয়জনকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুপুর আড়াইটার দিকে ‘মেসার্স ন্যাচারাল ফাইবার ফ্যাক্টরি’ নামের সদ্য স্থাপিত কারখানাটিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর দমকল ও পুলিশ দ্রুত বিসিক এলাকায় এসে বিস্ফোরিত বয়লারটির আগুন নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরিত বয়লার ছিটকে পড়ে ক্ষতিগ্রস্ত নারকেল তেল কারখানাটির নাম মেসার্স আল আমিন কোকোনাট অয়েল মিলস।
গুরুতর আহতরা হচ্ছে, মিলের বয়লার মিস্ত্রী নজরুল ইসলাম (৩০), ক্ষতিগ্রস্ত কোকোনাট অয়েল মিলের শ্রমিক সনিয়া আক্তার (১০), শিপন শেখ (১১), রহিমা আক্তার (১৪), ডালিয়া খাতুন (১৩), আশরাফ আলী মৃধা (৭০)।
বিসিকের উপব্যবস্থাপক খান দাউদ আলী জানান, শিল্প মন্ত্রণালয়ের অনুমোদন আসার আগেই মিলটি পরীক্ষামূলকভাবে চালু করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনার পর মেসার্স ন্যাচারাল ফাইবার ফ্যাক্টরির মালিক মোস্তাফিজুর রহমানসহ সেখানকার কর্মকর্তা কর্মচারিরা আত্মগোপন করে।
