জঙ্গি হামলার আশঙ্কায় বাংলাদেশে ‘পিস কোরে’র কার্যক্রম স্থগিত
মার্কিন পিস কোর’র স্বেচ্ছাসেবীদের ওপর জেএমবি’র হামলার আশঙ্কায় বাংলাদেশে তাদের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশে পিস কোর’র কার্যক্রম বন্ধ রাখার এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ঢাকাস্থ মার্কিন দূতাবাস বাংলাদেশে পিস কোর’র কর্মকাণ্ড সম্পর্কে বুধবার একটি বিবৃতি দিয়েছে।
বিবৃতিতে বলা হয়, জামায়াতুল মুজাহিদীনের শীর্ষ সাত নেতার মধ্যে পাঁচ নেতার গ্রেফতারের প্রতিক্রিয়ায় জঙ্গিরা বাংলাদেশে কর্মরত পিস কোর স্বেচ্ছাসেবীদের ওপর হামলা চালাতে পারে আশঙ্কায়, ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশে পিস কোর’র কার্যক্রম অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
কোনও একক হুমকি বা ঘটনার পরিপ্রেক্ষিতে নয়, বাংলাদেশের বিদ্যমান নিরাপত্তা পরিবেশ গভীরভাবে মূল্যায়নের পর, পিস কোর এ সিদ্ধান্ত নেয় বলে বিবৃতিতে জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান এবং বাংলা ভাইয়ের গ্রেফতারকে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আমরা স্বাগত জানিয়েছি। কিন্তু এ সাফল্যের প্রতিক্রিয়ায় জেএমবি’র ধরা না পরা জঙ্গিরা যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশের নাগরিকদের ওপর প্রতিশোধমূলক হামলা চালাতে পারে।
অনির্দিষ্টকালের এ স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মাঝে মাঝে পর্যালোচনা করা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে পিস কোর’র স্বেচ্ছাসেবীদের রাজধানীতে ফিরে আসতে বলা হয়েছে।
বাংলাদেশে ১৯৯৮ সালে পিস কোরের কার্যক্রম শুরু হয়। বাংলাদেশের শিক্ষা, যুবসমাজ এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে পিস কোর’র স্বেচ্ছাসেবীরা কাজ করে আসছে।
বাংলাদেশে প্রায় ১০০ জন পিস কোর স্বেচ্ছাসেবী অবস্থান করছে এবং প্রতিবছর প্রায় ৬০ জন নতুন স্বেচ্ছাসেবী দুই বছর মেয়াদের জন্য বাংলাদেশে আসে।
তৎকালীন পূর্ব পাকিস্তানে ১৯৬১ সালের অক্টোবরে সর্বপ্রথম মার্কিন পিস কোর’র কার্যক্রম শুরু হয়ে ১৯৬৫ সালের অক্টোবরে শেষ হয়। নয়টি দলে প্রায় ১৫০ জন স্বেচ্ছাসেবী সে সময় এদেশে কাজ করত।
রাজনৈতিক অস্থিতিশীলতা ও সম্ভাব্য হামলার আশঙ্কায় উভয় দেশের সরকার নতুন করে পিস কোর’র স্বেচ্ছাসেবকদের বাংলাদেশে আসা স্থগিত রেখেছে।
