নোয়াখালী সদর উপজেলার ২ হাজার ৪শ’ কৃষক পরিবারকে কৃষি সহযোগিতা দেবে ‘ফসল’ প্রকল্প
নোয়াখালী সদর উপজেলার দুই হাজার চারশ’ কৃষক পরিবারকে জৈব নিবিড় চাষাবাদসহ কৃষি ক্ষেত্রে সহযোগিতা দেবে উন্নয়ন সংস্থা এনআরডিএস।
ইউরোপিয়ান ইউনিয়ন ও অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় ‘ফসল’ প্রকল্পের আওতায় উপজেলার চারটি ইউনিয়নে এ কার্যক্রম বাস্তবায়িত হবে। চার বছর মেয়াদী এ প্রকল্পে কৃষিভিত্তিক লোকজ জ্ঞান বিনিময়, লোককেন্দ্র স্থাপন, উৎপাদিত কৃষিপণ্য বাজারজাতকরণের ব্যবস্থা থাকবে।
বুধবার নোয়াখালী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ফসল’ প্রকল্পের পরিচিতি ও মতবিনিময় সভায় এ তথ্য দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসানাৎ মোঃ লতিফুল কবীর। এনআরডিএসের প্রধান সমন্বয়কারী আবদুল আউয়ালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা পশুসম্পদ কর্মকর্তা ডাঃ লুৎফর রহামান, মৎস কর্মকর্তা এ কে এম সিদ্দিক, কৃষি কর্মকর্তা মহেনুর আক্তার, ইউপি চেয়ারম্যান আব্দুজ জাহের ও সলিমুল্লাহ বাহার হিরন।
