২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্র্ঘটনায় ক্রিকেটার মুশফিক বাবুর বাবাসহ নিহত ৯, আহত ৩৩

দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহমান বাবুর বাবাসহ নয়জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছে।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2006, 09:10 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

বিডিনিউজ রাজশাহী প্রতিনিধি জানান, জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহমান বাবুর বাবা অ্যাডভোকেট তৈমুর রহমান (৬৮) মঙ্গলবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

সূত্র জানায়, রাজশাহী থেকে ঝিনাইদহ যাওয়ার পথে সকাল সাড়ে ৯টার দিকে নাটোর শহরে নেমে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাস অ্যাডভোকেট তৈমুর রহমানকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

মঙ্গলবার বিকেলে অ্যাডভোকেট তৈমুরের মৃতদেহ রাজশাহী মহানগরীর উপশহরের বাসভবনে নিয়ে যাওয়া হয়। রাতেই সপুরা স্টেডিয়াম গোরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

মৃত্যুকালে অ্যাডভোকেট তৈমুর স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

বিডিনিউজ গোপালগঞ্জ প্রতিনিধি জানান, জেলার  ঘোনাপাড়া নামক স্থানে ঢাকা - খুলনা মহাসড়কে মঙ্গলবার ভোরে এক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত এবং পঁচিশজন আহত হয়।

নিহতরা হচ্ছেন--অধ্যাপক খোকন কর্মকার (৩২), ইউনুস আলী সরদার (৪২), দিধরা আক্তার (৯), দিলীপ হালদার (৪২) ও অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি।

আহতরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মোড়লগঞ্জগামী পর্যটক পরিবহনের একটি নাইট কোচ (নং- পাবনা- ব- ১১০০০৪) নিয়ন্ত্রণ হারিয়ে ঘোনাপাড়া নামক স্থানের রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ছয়জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। হতাহতদের সবার বাড়ি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে।

বিডিনিউজ ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুর - বরিশাল মহাসড়কের ফরিদপুর শহরতলীর বাখুণ্ডায় মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং আটজন আহত হয়েছে।

ফরিদপুর থেকে মাদারীপুরগামী অভিলাশ পরিবহনের একটি বাসের (ফরিদপুর- ব- ৩১৬) সঙ্গে দ্রুতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনায় আহত আটজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে রাজধানীর জিপিও’র সামনে মঙ্গলবার সকালে এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই পল্টন থানা ছাত্রশিবির সভাপতি নিহত হয়েছে।

নিহত ছাত্রশিবির সভাপতির নাম আমজাদ হোসেন (২৫), তার বাড়ি ভোলা জেলায়। আমজাদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজ - বিজ্ঞান বিভাগের (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র।

প্রত্যক্ষদর্শী এবং পুলিশ জানায়, জিপিও’র সামনে সকাল সাড়ে ১০টার দিকে আমজাদ হোসেনের মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা মনজিল পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

পল্টন থানা পুলিশ গাড়িটিকে আটক করেছে।

এ ব্যাপারে পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।