বিসিআইসির বিরুদ্ধে ডিএপি- ১ প্রকল্প বাস্তবায়নে বিলম্বের অভিযোগ এনেছে চীন
ঢাকাস্থ চীনা দূতাবাস প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় উপকরণ (ইউলিটিজ) সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) বিরুদ্ধে অভিযোগ এনেছে।
প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করতে বিসিআইসি ব্যর্থ হওয়ায় ৫৫ মিলিয়ন মার্কিন ডলারের সার প্রকল্পটি বাস্তবায়নে বিলম্ব হচ্ছে বলে জানা গেছে।
ঢাকাস্থ চীনা দূতাবাস ৬ মার্চ শিল্প মন্ত্রণালয়কে লেখা এক চিঠিতে জানায়, ডাই - এমোনিয়াম ফসফেট (ডিএপি - ১) প্রকল্পটির বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বিসিআইসি চুক্তির শর্তানুযায়ী তার দায়িত্ব পুরোপুরি পালন করতে ব্যর্থ হয়েছে।
দূতাবাসের লেখা চিঠির উদ্ধৃতি দিয়ে শিল্প মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, মালিক প্রতিষ্ঠান (বিসিআইসি) বাতাস, ধোঁয়া ও পানি ইত্যাদির মতো প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করেনি। এর ফলে প্রকল্পটির অগ্রগতি মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং কিছু কিছু কাজ বাতিল করতে হয়েছে।
দূতাবাস চট্টগ্রামে ডিএপি - ১ প্রকল্প বাস্তবায়নের গতি ত্বরান্বিত করতে অবিলম্বে বিষয়টি দেখার জন্যে শিল্প মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে।
সূত্র জানায়, চীন প্রকল্পটির ব্যয়ভার বহন করছে। প্রকল্প ব্যয়ের একটি অংশ (২৯ মিলিয়ন মার্কিন ডলার) সরবরাহকারীদের ঋণ (সাপ্লাইয়ার্স ক্রেডিট) সহজ শর্তের ঋণে রূপান্তরিত করা হয়েছে।
কর্মকর্তারা জানান, প্রকল্পটির কাজ শুরু হয় ২০০২ সালে। আর সংশোধিত সিডিউল অনুযায়ী ২০০৭ সালের জুনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা।
চিঠিতে বলা হয়েছে, বিসিআইসি চুক্তির শর্তানুযায়ী তার সকল দায়িত্ব নির্ধারিত সময়ের মধ্যে পূরণ করতে পারবে না বলে চীনা দূতাবাস জানতে পেরেছে। এর ফলে প্রকল্পটির কাজের সিডিউল অনুযায়ী এগিয়ে যেতে পারে না।
এতে বলা হয়েছে, বিদ্যুৎ পরিস্থিতি অস্থিতিশীল। আগে থেকে কোনো নোটিশ ছাড়াই বিদ্যুৎ সরবরাহে বিঘœ সৃষ্টি কেবল প্রকল্পের পরীক্ষামূলক অপারেশনকেই বাধাগ্রস্ত করে না, বরং সর্বাধুনিক যন্ত্রপাতির মারাত্মক ক্ষতি সাধন করে।
চিঠিতে বলা হয়, সময়মত সমস্যার সমাধান না হলে প্রকল্পের পরীক্ষামূলক অপারেশন ক্ষতিগ্রস্ত হবে।
এ ব্যাপারে ডিএপি - ১ প্রকল্পের সাথে জড়িত একজন মহাব্যবস্থাপকের কাছে জানতে চাওয়া হলে তিনি তাদের ভুল স্বীকার করে বলেন, ইউরিয়া সার উৎপাদনের এটি সর্বোৎকৃষ্ট সময়। আর এ কারণে লভ্য উপকরণ নিকটস্থ ইউরিয়া সার কারখানায় সরবরাহ করা হচ্ছে।
তবে তিনি বলেন, চীনা দূতাবাস যে আপত্তি তুলেছে শিগগিরই তার বিহিত করা হবে।
