২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড. তাহের হত্যাকাণ্ড: মহিউদ্দিনের জামিন আবেদনের শুনানি ২৯ মার্চ, দেড় মাসেও চার্জশিট হয়নি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. এম তাহের আহমেদ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত বিভাগীয় শিক্ষক ড. মিয়া মো. মহিউদ্দিনের জামিন আবেদনের শুনানি সোমবার হয়নি। এর পরবর্তি দিন ধার্য করা হয়েছে ২৯ মার্চ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2006, 07:09 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

এদিকে গ্রেপ্তারকৃতরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিলেও গত দেড় মাসে চার্জশিট দেওয়া সম্ভব হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোমবার আসামি মহিউদ্দিনকে হাজির করা হয়নি। আসামি পক্ষের আইনজীবী অ্যাড. মুন্না সাহা ড. মহিউদ্দিনের জামিন আবেদন করেন।

এদিকে এ হত্যা মামলায় শিবির সভাপতি সালেহীকে আদৌ গ্রেপ্তার করা হবে কি--না, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগ পাওয়া গেছে, আসামিকে গ্রেপ্তারের কোনোরকম জোর প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে না।

অন্যদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, আগামী এক মাসের মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষ করা এবং চার্জশিট দেওয়া হবে।

মামলার তদন্ত বিভাগ সূত্র আরো জানায়, ড. তাহের হত্যাকাণ্ডের সাথে জড়িত ভূ--তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের এক ছাত্রকে পুলিশ খুঁজছে। ধারণা করা হচ্ছে, আত্মগোপনে থাকা ওই ছাত্রকে গ্রেপ্তার করতে পারলে তদন্ত কাজ দ্রুত এগুবে।

এদিকে গ্রেপ্তারকৃতদের তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি পুলিশ এখনও উদ্ধার করতে পারেনি।