২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটের ৫০ বিঘা জমি লাঠিয়াল বাহিনীর দখলে, ২০টি পরিবার ঘরছাড়া

লালমনিরহাট সদর উপজেলার রাজপুর গ্রামের তিস্তা চরের সাধারণ মানুষের চাষাবাদি প্রায় ৫০ বিঘা জমি লাঠিয়াল বাহিনী বেদখল করেছে। এর ফলে ওই জমির মালিকানাধীন ২০টি পরিবার তাদের আবাদি জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।

লালমনিরহাট প্রতিনিধি

/

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2006, 09:16 AM

Updated : 26 Apr 2022, 03:29 PM

স্থানীয় লোকজন অভিযোগে জানায়, এককালের আন্তঃজেলা ডাকাত দলের প্রধান আব্দুল হাই (৫০) নিজস্ব লাঠিয়াল বাহিনী গঠন করে চরের নিরীহ মানুষের আবাদি জমি দখল করেছে। লাঠিয়াল বাহিনীর ভয়ে এই নিরীহ জনগণ জীবনের ভয়ে কারো কাছে মুখ খুলতে সাহস পাচ্ছে না।

রাজপুর চর এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, জমি বেদখলকারীরা ২০টি দরিদ্র পরিবারের ৫০ বিঘা জমি দখল  করে আছে।

এই এলাকার দুই কৃষক আব্দুল হাকিম (৩৫) এবং বাচ্চা মিয়া (৪৫) বিডিনিউজকে জানান, লাঠিয়াল বাহিনী তাদের সাড়ে তিন একর জমির ফসল নষ্ট করে দিয়েছে এবং তাদের পরিবারের সদস্যদের উপর শারীরিক নির্যাতন চালিয়েছে।

জমিহারা পরিবারগুলো লাঠিয়াল বাহিনীন কবজা থেকে তাদেতর চাষাবাদি জমি বেদখল মুক্তকরণ ও বাহিনীর জুলুম অত্যাচার থেকে মুক্তির জন্য জেলার দায়িত্ব প্রাপ্ত খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপমন্ত্রী, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু এখনও এই নিঃস্ব পরিবারগুলো জানে না তাদের অভিযোগ কোথায় কি অবস্থায় রয়েছে।

স্থানীয় কৃষকরা জানায়, ১৯৭৯ সালের তৎকালীন সরকার ৫০ বিঘা জমি তাদের মাঝে চির বন্দোবস্ত করার জন্য দান করেন।

এ ব্যাপারে ডাকাত দলের প্রধান আব্দুল হাই বিডিনিউজকে বলেন, তিনি সরকারি এই ৫০ বিঘা জমির উপর একটি গুচ্ছ গ্রাম নির্মাণ করার কার্যক্রম চালাচ্ছেন।

এ ব্যাপারে হাইয়ের সাথে ক্ষমতাসীন দলের উচ্চ পর্যায়ের নেতাদের সাথে কথা হয়েছে বলে তিনি জানান।