২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শায়খ রহমান আরো ১০ দিনের রিমান্ডে

শীর্ষ জঙ্গি নেতা শায়খ আব্দুর রহমানের বিরুদ্ধে রোববার আরো ১০ দিনের রিমান্ড  মঞ্জুর করা হয়েছে। গ্রেপ্তারের পর এর আগে তাকে ১০ দিনের রিমান্ডে নেয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2006, 08:19 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

দেশব্যাপী ১৭ আগস্টের সিরিজ বোমা হামলাকালে ঢাকার হোটেল শেরাটনের সামনে বোমা হামলা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শায়খ রহমানকে রোববার বিকেল ৪টা ৩৫ মিনিটে নজিরবিহীন নিরাপত্তায় ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। পুলিশের গোয়েন্দা বিভাগ এ সময় জিজ্ঞাসাবাদের জন্যে আদালতের কাছে ১০ দিনের রিমান্ডের আবেদন জানায়।

মামলার শুনানি শেষে ম্যাজিস্ট্রেট শফিক আনোয়ার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আদালতে উপস্থিত সাংবাদিকরা শায়খের সাথে কথা বলতে চাইলে র‌্যাব সদস্যরা তাদের বাধা দেয়।

নিষিদ্ধঘোষিত উগ্র মৌলবাদী জঙ্গি সংগঠন জামাআ’তুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) প্রধানকে রোববার সিএমএম আদালতে হাজির করার তথ্য ছড়িয়ে পড়লে সকাল ১০টা থেকেই উৎসুক জনতা, সাংবাদিক ও আইনজীবীরা আদালত প্রাঙ্গণে ভিড় জমান।

শায়খকে আদালতে হাজির করার আগে নিরাপত্তার স্বার্থে আদালতের সামনের রাস্তা বন্ধ করে দেয় পুলিশ ও র‌্যাব। সাদা পোশাকধারী পুলিশ ও র‌্যাব আদালতের বিভিন্ন জায়গায় টহল দিতে থাকে। তারা আইনজীবী ও সাংবাদিক ছাড়া কাউকে আদালত প্রাঙ্গণে প্রবেশ করতে দেয়নি। নিরাপত্তার অজুহাতে সাংবাদিক ও আইনজীবীদেরও তল্লাশি করা হয়। র‌্যাব সদস্যরা মেটাল ডিটেক্টর ও ডগ স্কোয়াড দিয়ে আদালত প্রাঙ্গণ, এজলাশ এবং এমনকি ম্যাজিস্ট্রেটের খাসকামরাও পরীক্ষা করেন।

বিকেল সাড়ে ৪টার পর শায়খকে এসকর্ট করে মাইক্রোবাসে নিয়ে আসা হয়। সরাসরি তাকে সিএমএম আদালতের নতুন ভবনের তৃতীয় তলায় ম্যাজিস্ট্রেট শফিক আনোয়ারের এজলাসে নিয়ে যাওয়া হয়।

মামলার তদন্ত কর্মকর্তা আদালতে পৃথক দু’টি আবেদন দায়ের করেন। একটি আবেদনে শায়খকে রমনা ৮৫ (৮) ০৫ নং মামলায় এবং অপর আবেদনে হোটেল শেরাটনের সামনে বোমা হামলার ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়।

পুলিশ কর্মকর্তা আব্দুল হক রাষ্ট্রপক্ষে এ দু’টি আবেদনের শুনানি করেন। শুনানির পর ম্যাজিস্ট্রেট দুটি আবেদনই মঞ্জুর করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মাত্র পাঁচ মিনিটের মধ্যেই শুনানি শেষ হয়ে যায়।

রিমান্ড মঞ্জুরের পর জঙ্গি প্রধানকে কড়া পাহারায় আদালত থেকে র‌্যাব সদরদপ্তরে নিয়ে যাওয়া হয়। এ সময় তাকে খুব শান্ত ও সহজ মনে হচ্ছিল। তার মধ্যে কোনও উদ্বেগ বা উৎকণ্ঠার ছাপ ছিল না।

এদিকে শায়খকে সিলেটের বিস্ফোরক মামলায় ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ওই মামলায় তদন্তকারী কর্মকর্তা সিলেট আদালতে এক প্রতিবেদন পাঠিয়েছেন। ওই প্রতিবেদনে ঢাকার রমনা থানায় ওই মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়টি অবহিত করেন। প্রতিবেদনে প্রয়োজনে শায়খকে সিলেটের আদালতে পাঠানো হবে বলে উল্লেখ করা হয়।

জানা যায়, জঙ্গি প্রধানকে পর্যায়ক্রমে সারা দেশের ১৭ আগস্ট বোমা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।