ব্রাহ্মণবাড়িয়ায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে রোববার সকালে দু’ দলের সংঘর্ষে ঘটনাস্থলেই দু’জন নিহত ও অর্ধশতাধিক গ্রামবাসী আহত হয়েছে। সংঘর্ষের সময় দু’পক্ষের ৫০ টি ঘর ভাংচুর ও লুটপাট হয়েছে।
বিরামপুর গ্রামে সরেজমিন ঘুরে জানা গেছে, গত কয়েক বছর ধরে ওই গ্রামের মজিদ মিয়া ও কাছম আলীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। শনিবার বিকেলেও দু’দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
রোববার সকালে মজিদ মিয়ার অনুসারী তাহের মিয়ার নেতৃত্বে ৯/১০ জনের একটি দল কাছম আলীর (৭৩) বাড়িতে হামলা চালিয়ে তাকে ঘর থেকে বের করে এনে প্রকাশ্যে জবাই করে হত্যা করে। বাড়ির লোকজনের আর্তচিৎকারে কাছম আলীর পক্ষের লোকজন জড়ো হয়ে ঘটনাস্থলেই তাহের মিয়াকেও (৭৫) কুপিয়ে হত্যা করে।
এ খবর ছড়িয়ে পরার পরপরই দু’দলের লোকজন জড়ো হয় এবং মুখোমুখি সংঘর্ষ শুরু হয়। এতে অর্ধশতাধিক লোক আহত হয়। গুরুতর আহত ১০ জনকে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের খবর পেয়ে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আব্দুল কদ্দুস আমীন ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বনমালী ভৌমিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সদর থানার ওসি মো. ইসমাইল জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিরামপুরে পুলিশ মোতায়েন করা হয়েছে।
